সন্ধান২৪.কম : এবার তৃতীয় পর্যায়ে নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) র(ভিপি) নুরুল হক নুর । চলতি বছরই দলটির নাম ঘোষণার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। তার আগে ঢাকার দুটি আসনের যেকোনো একটির উপনির্বাচনেও অংশ নিতে চান তিনি।
আসন্ন ঢাকা-১৮ ও ঢাকা-৫ আসনের উপনির্বাচনে যেকোনো একটি আসনে ভিপি নুর এমপি পদে লড়বেন বলে জানা গেছে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান।
শুরুটা ছিল সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে। সেই আন্দোলনে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা সংরক্ষণ বাতিলও হয়। দ্বিতীয় পর্যায়ে ২৮ বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিয়ে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর।
ছাত্র অধিকার আদায়ে নানা পদক্ষেপ নিয়ে ব্যাপক আলোচিত পটুয়াখালীর সন্তান সদ্যোবিদায়ি ডাকসু ভিপি নুরুল হক নুর। আন্দোলন করতে গিয়ে বারবার ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হয়েছেন তিনি। নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়াও শুরু করেছেন তিনি। এরই মধ্যে দলের সহযোগী উইং ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদ গঠনের কাজ শেষ হয়েছে। বর্তমানে চলছে পেশাজীবী পরিষদ গঠনের কাজ।
ভিপি নুর ও তাঁর সহযোগীরা জানান, চলতি বছরের মধ্যেই একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দল গঠন করা হবে। ঢাকায় দুটি আসনের উপনির্বাচনের পরই ঘোষণা করা হবে নতুন দলের নাম। দলের স্লোগান হবে ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’। এখনো চূড়ান্ত করা না গেলেও দলটির নামের সঙ্গে ‘অধিকার’ শব্দটি যুক্ত থাকছে বলে জানান তাঁরা।
