মঙ্গলবার শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশের বাঘিনীরা

সন্ধান২৪.কমঃ প্রথমবার দ্বিপক্ষীয় সিরিজ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশে আগামীকাল মঙ্গলবার দেশ ছাড়েব বাংলাদেশ নারী ক্রিকেট দল। শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ আছে। যার মাঝে ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। এই সফরের জন্য ইতিমধ্যে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই সিনিয়র খেলোয়াড় সালমা খাতুন এবং রুমানা আহমেদকে বাদ দেওয়া হয়েছে।

এ বছরের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে মোট ২৭৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা সালমা ও রুমানাকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন নারীদের নির্বাচক মঞ্জুরুল ইসলাম। যদিও রুমানা মিডিয়ার কাছে দাবি করেছিলেন, বিশ্রামের কথা বলে তাকে বাদ দেওয়া হয়েছে! এতে ঈদের ছুটিতে ক্রিকেট মহলে আলোচনার সৃষ্টি করে। তবে সালমা খাতুন এখনো মুখ খোলেননি। এই প্রথম দুই তারকাকে ছাড়া ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি ম্যাচে এই দুজন ছিলেন না।

সালমা ও রুমানা ছাড়া দল থেকে বাদ পড়েছেন তরুণ পেসার মারুফা আক্তার এবং ওপেনার শারমিন আক্তার। দলে নতুন মুখ সুলতানা খাতুন। এখন পর্যন্ত নারী চ্যাম্পিয়নশিপে ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে আছে বাংলাদেশ। গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে শেষ দুই ওয়ানডে বাতিল হওয়ায় বাঘিনীরা ২ পয়েন্ট পেয়েছে। আর ৬ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে শ্রীলঙ্কা।

বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, সোবহানা মুস্তারী, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, দিশা বিশ্বাস, রাবেয়া, সুলতানা খাতুন।

বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সূচি 
২৭ এপ্রিল : (প্রস্তুতি ম্যাচ) বাংলাদেশ-এসএলসি বোর্ড প্রেসিডেন্ট একাদশ, কলম্বো ক্রিকেট ক্লাব
২৯ এপ্রিল : প্রথম ওয়ানডে (পি সারা ওভাল)
২ মে : দ্বিতীয় ওয়ানডে (পি সারা ওভাল)
৪ মে : তৃতীয় ওয়ানডে (পি সারা ওভাল)
৭ মে : (প্রস্তুতি ম্যাচ) বাংলাদেশ-এসএলসি বোর্ড প্রেসিডেন্ট একাদশ, কলম্বো ক্রিকেট ক্লাব
৯ মে : প্রথম টি-টোয়েন্টি (সিংহলিজ স্পোর্টস ক্লাব)
১১ মে : দ্বিতীয় টি-টোয়েন্টি (সিংহলিজ স্পোর্টস ক্লাব)
১২ মে : তৃতীয় টি-টোয়েন্টি (সিংহলিজ স্পোর্টস ক্লাব) 

Exit mobile version