মদিনাকে হারিয়ে মক্কা স্তব্ধ!

সন্ধান২৪.কম : যমজ হওয়ায় বাবা-মা আদর করে নাম রাখেন মক্কা আর মদিনা। মদিনার আরেক নাম মরিয়ম। নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের গৌড়িপুর গ্রামের দিনমজুর মকসেদ আলীর কন্যা তারা।সেই ঘরে আজ নেমে এসেছে রাশি রাশি অন্ধকার। মদিনাকে হারিয়ে ফেলে স্তব্ধ হয়ে গেছে মক্কা।

মকসদ আলীর বাড়ির পাশে হালতিবিল। রবিবার (২৩ আগস্ট) দুপুরে মকসেদ আলী বাড়ির কিছুদূরেই জাল দিয়ে মাছ শিকার করছিলেন। মেয়েরাও ছিল বাবার কাছাকাছি। কিছু মাছ পেতেই সেগুলো দুই মেয়েকে দিয়ে বাড়ি পাঠান তিনি। কিন্তু, বাড়ি যাওয়ার আগেই বিলের পানিতে সমবয়সীদের গোসল করতে দেখে মদিনা। এ সময় সে মক্কাকে বাড়িতে পাঠিয়ে লাফাতে লাফাতে পানিতে নেমে পড়ে। কিন্তু, গোসল করতে গিয়ে পানিতে নিখোঁজ হয় সে।

এদিকে বেশ কিছু সময় পরেও মদিনা বাড়ি ফেরেনি দেখে তারা বাবাসহ পরিবারের সদস্য ও স্থানীয়রা বিলের ওই জায়গায় নেমে তার খোঁজ করতে থাকে। এরপর সোমবার পাশের জেলা নওগাঁর আত্রাই উপজেলা থেকে একদল ডুবুরি এনে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। অবশেষে মঙ্গলবার দুপুরে মদিনার মরদেহ পানিতে ভেসে ওঠে। মঙ্গলবার বিকেলে তাকে দাফন করা হয়েছে।

এলাকাবাসী জানিয়েছেন, ফুটফুটে হাসিখুশি ছিল এই যমজ। হঠাৎ করে মদিনাকে হারিয়ে মক্কা এখন স্তব্ধ। সে আর কথা বলছে না। সারাক্ষণ কাঁদছে। তার বাবা-মা হঠাৎ করে মেয়ে হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন।

 

Exit mobile version