সন্ধান২৪.কমঃভারতের গুজরাতের ভরুচে একটি কোভিড হাসপাতালে আগুন লাগার জেরে ১৮ জন কোভিড রোগীর মৃত্যু হল । করোনা রোগী ছাড়াও রয়েছেন ওই হাসপাতালের দু’জন নার্সও। শুক্রবার রাত ১টা নাগাদ আগুন লাগে ওই হাসপাতালে। ভরুচের পুলিশ সুপার বলেছেন, ‘‘আগুন এবং আগুন লাগার জেরে ছড়িয়ে পড়া ধোঁয়ায় মৃত্যু হয়েছে ওই রোগীদের।’’

ভরুচ-জামবুসা হাইওয়েতে রয়েছে ওই কোভিড হাসপাতাল। আগুন লাগার সময় চারতলা ওই হাসপাতালে মোট ৭০ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি ছিলেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে ২৪ জন রোগী ছিলেন আইসিইউ-তে। আগুন লাগার পর ওই এলাকার স্থানীয়রা এবং দমকলকর্মীরা মিলে বাকিদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যান।

রাত ১টা নাগাদ হাসপাতালের এক তলায় আগুন লাগে তার পর ছড়িয়ে পড়ে সেই আগুন। ঘণ্টাখানেকের মধ্যেই দমকলবাহিনী আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানা গিয়েছে। পুলিশের ওই অফিসার বলেছেন, ‘‘সকাল সাড়ে ৬টার সময় জানা গিয়েছে, ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে আগুন লাগার সময়ই।’’ বাকি ৬ জনের মৃত্যু আগুনের জেরে হয়েছে না অন্য হাসপাতালে স্থানান্তরিত করার সময় হয়েছে, সে ব্যাপারে এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। কী ভাবে ওই হাসপাতালে আগুন লাগল সে ব্যাপারেও এখনও কিছু জানা যায়নি।


