সন্ধান২৪.কমঃ মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার, ৫ মে সকাল ১০টা বেজে ৪৫ মিনিটে রাজভবনে শপথ নেবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এই নিয়ে তৃতীয়বার শপথ নেবেন তিনি। টুইট করে জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়।তাঁর সঙ্গে শপথ নেবেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদে থাকা বেশ কয়েকজন মন্ত্রীও। বাকিরা শপথ নেবেন বৃহস্পতিবার, ৬ মে।
গত সোমবার রাজ্যপাল ধনখড়ের সঙ্গে দেখা করে মমতা পদত্যাগপত্র জমা দেন। রাজ্যে নতুন সরকার গঠনের আগের প্রথা মেনেই এই পদত্যাগ করেন তিনি। রাজভবনে এসে মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন। রাজ্যপাল ধনখড় সেই পদত্যাগপত্র গ্রহণও করেন। পরে টুইট করে রাজ্যপাল জানান, মাননীয়া মুখ্যমন্ত্রী তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তা গৃহীতও হয়েছে। তবে পরবর্তী সরকার গঠন হওয়ার আগে পর্যন্ত তাঁকেই দায়িত্ব নিতে অনুরোধ করা হয়েছে। ওই টুইটের সঙ্গে রাজভবনে মমতা এবং ধনখড়ের একটি ভিডিয়োও শেয়ার করেন রাজ্যপাল। তাতে বেশ হালকা মেজাজেই কথা বলতে দেখা যায় দু’জনকে। এর কিছুক্ষণ পরেই টুইট করে মুখ্যমন্ত্রী হিসেবে মমতার শপথ নেওয়ার দিনক্ষণের ঘোষণা রাজ্যপাল।
এর আগে সোমবার দুপুরেই মমতা জানিয়েছিলেন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন। ৭টা নাগাদ দেখা করতে চান বলে জানিয়েছিলেন রাজ্যপালকে। সন্ধ্যায় ঠিক ৬টা বেজে ৪৫ মিনিটে মমতা পৌঁছে যান রাজভবনে।
নির্বাচনে জয়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবেই রাজ্যপালের সঙ্গে এই সাক্ষাৎ মমতার। তবে বৈঠকে আর কোনও আলোচনা হল কি না, তা জানা যাবে বৈঠক শেষেই। এই বৈঠকে ভোটে জয়ী বিধায়কদের তালিকাও রাজ্যপালকে দেওয়ার কথা তৃণমূলনেত্রীর। নতুন মন্ত্রিসভা এবং সরকার গঠনের জন্য আবেদনও জানানোর কথা রাজ্যপালের কাছে। পাশাপাশি, রাজ্যপালের তরফেও পাল্টা চিঠি দিয়ে সরকার গঠন করার আহ্বান জানানো হবে তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।


