আরও একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আজহার আলী। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত খেলছেন।
৯৩তম টেস্ট ও ১৯ সেঞ্চুরিতে ঋদ্ধ তার এক যুগের আন্তর্জাতিক ক্যারিয়ার। সেই আজহার আলী ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে পেলেন কাঙ্খিত এক ‘প্রথমের’ স্বাদ।
ঘরের মাঠে প্রথম টেস্ট খেলার উপলক্ষ্যটা দারুণ এক কীর্তিতে রাঙানোর হাতছানি লাহোরের ভূমিপুত্রের সামনে। সেজন্য চাই আর ৪৪ রান।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩৯১ রানের জবাবে মঙ্গলবার লাহোর টেস্টের দ্বিতীয়দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৯০/১। আবদুল্লাহ শফিক ৪৫ ও আজহার ৩০ রানে অপরাজিত।
বুধবার আর ৪৪ রান করলেই পাকিস্তানের পঞ্চম ব্যাটার হিসাবে টেস্টে সাত হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলবেন আজহার আলী।
মঙ্গলবার ৯০ রান তুলতে পাকিস্তান খেলেছে ৩৯ ওভার। এর আগে অস্ট্রেলিয়া ৩৯১ রান করে ১৩৩.৩ ওভারে। দুদলের অতি সাবধানী ব্যাটিংয়ে দ্বিতীয় দিন শেষেও পরিষ্কার এগিয়ে রাখা যাচ্ছে না কাউকে। পাঁচ উইকেটে ২৩২ রানে দিন শুরু করা অস্ট্রেলিয়া অলআউট হওয়ার আগে যোগ করে আরও ১৫৯ রান।
ষষ্ঠ উইকেটে ১৩৫ রানের ম্যারাথন জুটি গড়েন ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারি। দুজনকেই সন্তুষ্ট থাকতে হয়ে ফিফটিতে। ক্যারিকে ৬৭ রানে থামিয়ে জুটি ভাঙেন নোমান আলী।
এরপর নাসিম শাহর রিভার্স সুইংয়ে ৭৯ রানে বোল্ড হন গ্রিন। দ্বিতীয় সেশনে নাসিমের সঙ্গে পাল্লা দিয়ে আগুন ঝরান আরেক পেসার শাহিন আফ্রিদি। শেষ পর্যন্ত দুজনই নেন চারটি করে উইকেট। ৫০ রানে শেষ পাঁচ উইকেট হারায় অস্ট্রেলিয়া।
বোলিংয়ে অসিদের একমাত্র সাফল্য ইমাম-উল-হকের উইকেট। কামিন্স তাকে ফেরানোর পর ৭০ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেন শফিক ও আজহার। ৩০১ রানে পিছিয়ে পাকিস্তান।


