সন্ধান২৪.কম : মাগুরা সদরের জাগলা গ্রামে স্বামীকে গাছের সাথে বেঁধে রেখে স্ত্রীকে (৪৫) দলবেঁধে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে ৭টার দিকে ওই গ্রামের একটি মাঠে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয় । এ বিষয়ে অজ্ঞাত পাঁচজনকে আসামি করে রোববার দুপুরে নির্যাতিতা ওই গৃহবধূ মামলা করেছেন ।
নির্যাতিতার স্বামী জানান, তারা স্বামী-স্ত্রী আমন মৌসুমে বিভিন্ন গ্রামে গিয়ে কামলা দিয়ে ধান সংগ্রহ করেন। তাদের কোনো থাকার জায়গা না থাকায় জাগলা গ্রামে মাঠে পলিথিনের তাঁবু তৈরি করে বসবাস করছিলেন । বিশ দিন আগে তারা ধান সংগ্রহ করার জন্য ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বইনদে খালী থেকে মাগুরা সদরের জাগলা গ্রামে যান। তাদের সেখানে থাকার জায়গা না থাকায় তারা জাগলা এলাকার মাঠে পলিথিনের তাঁবু খাঁটিয়ে সেখানে থাকেন। শনিবার রাতে অপরিচিত পাঁচজন লোক ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর চড়াও হয়। এরপর অস্ত্রের মুখে তাকে জোরপূর্বক একটি গাছের সাথে বেঁধে ফেলে।

তিনি বলেন, “শনিবার রাতে অপরিচিত পাঁচজনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে আমাদের উপর চড়াও হয় এবং মেরে ফেলার হুমকি দেয়। তারা আমাকে একটি গাছের সাথে বেঁধে রাখে এবং আমার স্ত্রীকে পাশের একটি পুকুরের কাছে নিয়ে ধর্ষণ করে।”
এই সময় ওই লোকগুলো তার কাছে থাকা পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে তিনি জানান। “তারা ঘটনাস্থল ত্যাগ করার পর আমরা চিৎকার দিলে এলাকার লোকজন আমাদের উদ্ধার করে।”
মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদীন বলেন, এই ঘটনায় ‘ধর্ষণের শিকার’ ওই গৃহবধূ রোববার দুপুরে মাগুরা সদর থানায় অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
তিনি জানান, ইতিমধ্যে ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।