সন্ধান ডেস্ক: ১৯২২ সালে মিশরে আবিষ্কৃত হয়েছিল তুতেনখামেনের সমাধি। মিশরের দক্ষিণে লাক্সরে তুতেনখামেনের সেই শহরে এবার নিচে সন্ধান পাওয়া গেল ৩ হাজার বছরের পুরনো এক শহরের। প্রত্নতত্ত্ববিদদের মতে, এই ধ্বংসস্তূপ থেকেই জানা যেতে পারে, প্রাচীন মিশরের জীবনযাত্রা কেমন ছিল।

হারিয়ে যাওয়া শহরের নাম ছিল আতেন। সম্ভবত রাজা তৃতীয় আমেনহোটেপ এই শহর প্রতিষ্ঠা করেন। তাঁরই ছেলে তুতেনখামেন। তিনি ছিলেন মিশরের অষ্টাদশ রাজবংশের এক রাজা। তাঁদের বংশ ১৩৯১ থেকে ১৩৫৩ খ্রীষ্টপূর্বাব্দ পর্যন্ত মিশর শাসন করেছিল। প্রত্নতত্ত্ববিদদের টিমে ছিলেন বেটলি ব্রায়ান। যিনি আমেরিকার জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তাঁর কথায়, ‘তুতেনখামেনের সমাধির পরে মিশরে আরও একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হল। মিশর যখন সবচেয়ে ধনি ছিল, তখনই এই শহরের পত্তন হয়।’

মিশরের বিশেষজ্ঞরা ইতিমধ্যেই আতেন শহরের ধ্বংসাবশেষ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। গত সেপ্টেম্বরে লাক্সরে খোঁড়াখুঁড়ি শুরু হয়। মূলত রাজা তৃতীয় রামেসিস ও তৃতীয় আমেনহোটেপের মন্দিরের মাঝে খননকার্য চালানো হয়েছিল। প্রত্নতত্ত্ববিদরা বলেছেন, ‘খননকার্য শুরুর কয়েক সপ্তাহের মধ্যে চমকে গেছিলাম। মাটির নিচ থেকে প্রায় একটি আস্ত শহর বেরিয়ে এল। দেওয়ালগুলো ছিল অক্ষত। ঘরগুলো ছিল সেকালের জিনিসপত্রে ভর্তি।’ মিশরের প্রত্নতত্ত্ববিদ জাহি হাওয়াস বলেছেন, ‘বিদেশিরা অতীতে বহুবার এই শহরের খোঁজ করেছে। কিন্তু পায়নি।’


