সন্ধান২৪.কম : ৩ ডিসেম্বর দুপুরে দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ডে মাস্ক ব্যবহারের জন্য সচেতনতামূলক ক্যাম্পেইন কার্যক্রম শুরু করে দামুড়হুদা উপজেলা প্রশাসন। এ সময় মাস্ক পরিহিত পথচারীদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান।
শীত মৌসুমে কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু হয়েছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায়।
স্বাস্থ্যবিধি মান্যকারীদের উৎসাহিত করতে ওই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান তিনি। ইউএনও জানান, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে প্রশাসন। মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণের পাশাপাশি মাস্ক বিতরণ করা হচ্ছে। আর স্বাস্থ্যবিধি অমান্যকারীদের ভ্রাম্যমাণ আদালতে করা হচ্ছে জরিমানা।
সচেতনতামূলক ক্যাম্পেইন চলাকালীন স্বাস্থ্যবিধি অমান্য, মোটরসাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকা ও হেলমেট পরিধান না করার অপরাধে ২৪ জনকে দুই হাজার ৯০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
সতর্কতার পাশাপাশি বিতরণ করা হয় স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম মাস্ক ও লিফলেট। যানবাহন ও দোকানে লাগানো হয় ‘নো মাস্ক, নো সার্ভিস’ ‘নো মাস্ক, নো শপিং’ লেখা সংবলিত স্টিকার।


