সন্ধান২৪.কম: চাকসুর সাবেক বার্ষিকী সম্পাদক ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক সাবেক ছাত্রনেতা কবি মিনার মনসুরকে নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন,উত্তর আমেরিকা।
আমেরিকায় তার আগমন উপলক্ষে মতবিনিময় সভাটি গত ৩১ অক্টোবর রবিবার সংগঠনের সাবেক সভাপতি দিলওয়ার হাসানের নিউইয়র্ক সিটির জ্যামাইকার বাসভবনে অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাতিঘরের প্রধান নির্বাহী কবি জাফর আহমদ রাশেদ ও সাবেক ছাত্রনেতা মাহমুদ আহমেদ। সংগঠনের সভাপতি আবদুল আজিজ নঈমীর সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর শাহনেওয়াজ ডিকেন্সের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহন করেন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সাবেক সভাপতি রেজাউল করিম সগীর, সাবেক সভাপতি দিলওয়ার হাসান, সাবেক সভাপতি বিষ্ণু গোপ, শামীম আল-মামুন, সাবিনা শারমিন নিহার, হাসান মাহমুদ, এস. এম. ইকবাল ফারুক, সামশুদ্দীন আজাদ, অধ্যাপক সুদীপ্ত দেব, কামাল হোসেন মিঠু,আব্দুল আউয়াল শামীম,রফিকুল ইসলাম, নজরুল ইসলাম সেলিম,শিবলী ছাদেক, শাহেদ আলী,অধ্যাপক গোলাম মোহাম্মদ মুহিত, ফাহমিদা জিগর জাহান, জসিম ইউ. আহমেদ,আমির আজম চৌধুরী,জেবুন নাহার বেলা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মিনার মনসুর বিশ্ববিদ্যালয় জীবনের বিভিন্ন সুখ -দুঃখের স্মৃতি তুলে ধরেন। চাকসুর বার্ষিকী সম্পাদনায় স্বাধীনতা বিরোধী চক্রের হাতে তাঁর আহত হওয়ার ঘটনা ও তৎকালীন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ঘটনা তাঁর বক্তব্যে উঠে আসে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ গড়ার চলমান অগ্রযাত্রাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য এখন প্রয়োজন নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরা ও সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মননশীল দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন হাসান মাহমুদ। কবি মিনার মনসুরের লেখা কবিতা আবৃত্তি করেন সাবিনা শারমিন নিহার। কবিতা আবৃত্তি করেন সাঈয়েদা পারভীন আকতার পলি, শিবলী ছাদেক, লাম্মিম মুহিত।
