মিশিগানে কনস্যুলেট অফিস স্থাপনে মতবিনিময় সভা

মিশিগানে স্থায়ী কনস্যুলেট অফিস স্থাপন এবং বৈধপথে রেমিটেন্স পাঠানোর বিষয়ে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস। স্থানীয় সময় শনিবার (২ জুলাই) বিকালে মিশিগানের বাংলাটাউন খ্যাত হ্যামট্রামিক শহরের গেইট অব কলম্বাস হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের দিকনিদের্শনায় মিশিগান মহানগর আওয়ামী লীগ এ সভার আয়োজন করে। এতে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক, আঞ্চলিক সংগঠনের নেতারাসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক মিনিস্টার মো. মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের সোনালী এক্সচেন্জের সিও দেবাশ্রী মিত্র।

এতে সভাপতিত্ব করেন মিশিগান মহানগর আওয়ামী লীগ সভাপতি আব্দুস শাকুর খান মাখন। সঞ্চালনায় ছিলেন মিশিগান মহানগর আওয়াম লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালিব।

সভায় বক্তব্য রাখেন- মিশিগান বাংলা প্রেস ক্লাব সভাপতি সৈয়দ সায়েদুল হক, মিশিগান স্টেট আওয়ামী লীগ সভাপতি ফারুক আহমদ চান, সেক্রেটারি আবু আহমদ মুছা, মিশিগান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশন সভাপতি মঈন দীপু, বঙ্গবন্ধু পরিষদের রাব্বি আলম, আব্দুল আহাদ,মিশিগান মহানগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মিজান মিয়া জসিম, মোহাম্মদ সোলেমান খান প্রমুখ।

প্রবাসী বক্তারা বলেন, মিশিগানে স্থায়ী কনস্যুলেট অফিস না থাকায় এখানকার প্রবাসীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। মিশিগানের লক্ষাধিক বাংলাদেশি প্রবাসীদের এখন একটাই চাওয়া মিশিগানে স্থায়ী কনস্যুলেট অফিস স্থাপন। মিশিগানবাসীর প্রাণের দাবি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানান তারা।

পরে মিশিগানে স্থায়ী কনস্যুলেট অফিস স্থাপনে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস বরাবর লিখিত দরখাস্ত দেন তারা। দূতাবাসের ইকোনমিক মিনিস্টারের হাতে দরখাস্ত তুলে দেওয়া হয়।

Exit mobile version