সন্ধান২৪.কম ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্টের বক্তব্য নিয়ে বিশ্বজুড়ে তুলকালাম চলছে। ঠিক এই সময়েই ফ্রান্সের লক্ষ লক্ষ মানুষের প্রতি রেগে ওঠার এবং তাঁদের খুন করার অধিকার মুসলিমদের আছে বলে মন্তব্য করলেন মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মহম্মদ।
এদিকে ফ্রান্সের নিস শহরে গির্জায় ছুরি হামলার পর সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে। বিভিন্ন গির্জা এবং স্কুলগুলোর সুরক্ষায় মোতায়েন করা হচ্ছে বাড়তি ৪ হাজার সেনা। প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, “ফ্রান্স সন্ত্রাসের কাছে হার মানবে না।” প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এই হামলাকে উন্মত্ত ‘ইসলামপন্থি সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন, ফ্রান্স নিজেদের মূল্যবোধ বিসর্জন দেবে না।

বৃহস্পতিবার মাহাথির মহম্মদ একাধিক টুইট করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ’র তীব্র সমালোচনা করেন । একটি টুইটে তিনি লেখেন, ম্যাক্রোঁর আচরণ দেখে মনে হচ্ছে না তিনি একজন সভ্য মানুষ। একজন স্কুল শিক্ষককে খুন করার জন্য যেভাবে তিনি ইসলাম ধর্ম ও মুসলিমদের দায়ী করেছেন তা পক্ষপাতদুষ্ট মনোভাবেরই পরিচয়। অতীতেও উপনিবেশ তৈরির সময় ফ্রান্সের লোকেরা লক্ষ লক্ষ মানুষকে নির্বিচারে হত্যা করেছে যার মধ্যে বেশিরভাগই মুসলিম সম্প্রদায়ের মানুষ ছিলেন না। তাই ফ্রান্সের লোকদের উপর রেগে যাওয়ার বা তাঁদের হত্যা করার অধিকার রয়েছে মুসলিমদের।
অন্য একটি টুইটে তিনি আরও উল্লেখ করেন, মুসলিমরা ‘চোখের বদলে চোখ’ নীতিতে বিশ্বাস করেন না। তাই ফ্রান্সের মানুষের প্রতি এখনও কোনও প্রতিশোধ নেওয়া হয়নি। ফ্রান্সেরও উচিত তাদের দেশের নাগরিকদের অন্য ধর্মের মানুষের অনুভূতিকে সম্মান দিতে শেখানো। অন্যদের ঐতিহ্য ও সংস্কৃতিকে মর্যাদা দেওয়া। অন্যদের কীভাবে সম্মান জানাচ্ছে তা দেখেই বোঝা যায় একজন মানুষ কতটা সভ্য হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী যখন টুইটের মাধ্যমে ফ্রান্সের প্রেসিডেন্ট ও তাদের নাগরিকদের আক্রমণ করছে তখনই ফ্রান্সের দুই জায়গাতে জঙ্গি হামলার ঘটনা ঘটে। নিস শহরের নোতরদাম গির্জার কাছে এক মহিলা-সহ পাঁচজনকে ছুরি মেরে খুন করে এক জঙ্গি। আর অন্য একটি শহরে হামলার আগেই এক বন্দুকবাজকে খতম করেন ফ্রান্সের পুলিশকর্মীরা। এর পাশাপাশি আজ সৌদি আরবের ফ্রান্স দূতাবাসের সামনেও হামলার ঘটনা ঘটেছে। সংবাদ প্রতিদিন।