‌মেসিসহ ১০ নেতাকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুললেন ব্রাজিল অধিনায়ক

ব্রাজিল অধিনায়ক থিয়াগো সিলভার নেতৃত্বে লিওনেল মেসিসহ ১০ লাতিন আমেরিকান অধিনায়ককে নিয়ে খোলা হচ্ছে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ।

দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্বের দীর্ঘ প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসতে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছেন ব্রাজিল দলের অধিনায়ক থিয়াগো সিলভা।

যে গ্রুপে যুক্ত হয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিসহ ১০ লাতিন আমেরিকান অধিনায়ক।

সিলভা ও মেসিসহ এ চ্যাটগ্রুপে আরও যারা রয়েছেন – ডিয়েগো গোডিন (উরুগুয়ে), ক্লদিও ব্রাভো (চিলি), দাভিদ অসপিনা (কলম্বিয়া), এনার ভ্যালেন্সিয়া (ইকুয়েডর), পেদ্রো গালাসে (পেরু), মোজেজ ভিয়ারোয়েল (বলিভিয়া), টমাস রিঙ্কন (ভেনেজুয়েলা), গুস্তাভো গোমেজ (প্যারাগুয়ে)।

মূলত দক্ষিণ আমেরিকান অঞ্চলে হওয়ায় প্রতি উইন্ডোতে প্রতিটি খেলার জন্য বিশাল সব ভ্রমণের ঝক্কি সামলাতে হয় লাতিন ফুটবলারদের। সে বিষয়েই আলোচনা করবেন মেসি-সিলভারা।

ব্রাজিলীয় সংবাদ মাধ্যম গ্লোবো এস্পোর্তেকে সিলভা বলেন, ‘এটা শুধু ১৮টা ম্যাচই নয়, সঙ্গে থাকা ভ্রমণক্লান্তিটাকেও হিসেবে আনতে হবে আপনাকে। ইউরোপে যারা খেলে, তাদের তুলনায় আমাদের অনেক বেশি ভ্রমণ করতে হয়। এটা ইউরোপের চেয়ে অনেক বেশি। আমরা যদি এতে একটা ভারসাম্য নিয়ে আসতে পারি, তাহলে আমাদের পারফরম্যান্স ও আমাদের ম্যাচে এর ইতিবাচক প্রভাব পড়বে। আমরা এখন যা করছি, তাকে অহেতুক খাটুনি বলে মনে হয় আমার।’

আর্জেন্টাইন সংবাদ মাধ্যম জানিয়েছে, পুরনো ছকে ফিরতে চাচ্ছেন সিলভা-মেসিরা। যেখানে ১০ দলের ১৮ ম্যাচের পরিবর্তে লাতিন আমেরিকার ১০ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দশ ম্যাচ। এতে দলগুলোর বেশি বেশি ভ্রমণ ঝামেলা অনেকটাই কমবে।

Exit mobile version