অনেক সাধ-আহলাদ নিয়ে গত গ্রীষ্মে জুভেন্টাস থেকে ফিরেছিলেন নিজের প্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে।
মোহভঙ্গ হতে সময় লাগেনি। যুক্তরাজ্যের গণমাধ্যমের খবর, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ম্যানইউ ছাড়তে চান।
এরই মধ্যে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবের প্রতি অনুরোধ জানিয়েছেন তাকে ছেড়ে দেওয়ার জন্য। বায়ার্ন মিউনিখ ও চেলসি আগ্রহী তাকে নিতে।
৩৭ বছর বয়সি পর্তুগিজ ফরোয়ার্ড মনে করেন, আরও তিন/চার বছর খেলার সামর্থ্য রাখেন তিনি শীর্ষ পর্যায়ে। চ্যাম্পিয়ন্স লিগে খেলার বাসনা এখনো তীব্র তার মধ্যে। ম্যানইউ চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। এজন্যই ক্লাব ছাড়তে চান টানা ১৯ বার চ্যাম্পিয়ন্স লিগে খেলা রোনাল্ডো।
পর্তুগিজ ফরোয়ার্ড চ্যাম্পিয়ন্স লিগে ১৮৩ ম্যাচে ১৪০টি গোল করেছেন। অ্যাসিস্ট ৪২টি। ম্যানইউ এবার খেলবে ইউরোপা লিগে। প্রিমিয়ার লিগে ষষ্ঠ হওয়ায় তাদের এই অবনমন। রোনাল্ডো কখনো ইউরোপা লিগে খেলেননি। তাই এই গ্রীষ্মে জার্সি বদল করতে চান তিনি।
বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ এবং প্রিমিয়ার লিগে ম্যানইউর অন্যতম প্রতিদ্বন্দ্বী চেলসি তার প্রতি আগ্রহ দেখিয়েছে। ২০২৩ পর্যন্ত তার চুক্তি ম্যানইউর সঙ্গে। আরও এক বছর চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে। তবে রোনাল্ডো যদি সত্যি থাকতে না চান শেষ পর্যন্ত, তাহলে তার ট্রান্সফার ফি হিসাবে ১২.৯ মিলিয়ন পাউন্ড দাবি করবে ম্যানইউ। গত গ্রীষ্মে ওল্ড ট্রাফোর্ডে তাকে ফিরিয়ে আনতে এই পরিমাণ অর্থ খরচ করেছিল তারা।


