ম্যানসিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতলো চেলসি

সন্ধান২৪.কমঃ চেলসি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগে আবারও চ্যাম্পিয়ন হয়েছে। রবিাবর পর্তুগালের পোর্তোয় অল ইংলিশ ক্লাব ফাইনালে চেলসি ১-০ গোলে ম্যানচেস্টার সিটিকে পরাজিত করে শিরোপা জয় করে। কাই হাভার্টজ প্রথমার্ধের শেষ দিকে ম্যাচের একমাত্র গোলটি করেন। এর ফলে ম্যানসিটির কোচ পেপ গার্দিওয়ালা আরও একবার ব্যর্থ হলেন চ্যাম্পিয়ন্স লিগ জিততে। এবারের প্রতিযোগিতায় সবাই ম্যানসিটিকেই ফেবারিট মনে করেছিল। ম্যাসন মাউন্টের পাস থেকে গোলটি করে চেলসিকে দ্বিতীয়বার ইউরোপ সেরার মুকুট এনে দেন হাভার্টজ।

ফাইনাল ম্যাচটি উভয় দলই খেলে জেতার জন্য। শুরুর দিকে সুযোগও আসে দুই দলের সামনেই। চেলসির হয়ে প্রথম সুযোগটি পান টিমো ওয়ার্নার। কিন্তু তার শট সরাসরি চলে যায় ম্যানসিটির গোলরক্ষক এডারসনের কাছে। অপর দিকে ম্যানসিটির হয়ে সুযোগ পেয়েছিলেন ফিল ফোডেন। তাকে ব্যর্থ করে দেন অ্যান্টনিও রুডিগার। খেলার ৩৯ মিনিটের মাথায় চেলসির সেন্টার ব্যাক থিয়াগো সিলভা আঘাত পেলে তার জায়গায় আন্দ্রেস ক্রিস্টিয়ানকে মাঠে নামাতে বাধ্য হন টমাস টুখেল। যখন সবাই মনে করেছিল প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হতে যাচ্ছে ঠিক তখনই গোল করে এগিয়ে যায় চেলসি। ম্যানসিটির রক্ষণভাগের ব্যর্থতায় মাউন্ট বল পেয়ে বল দেন হাভার্টজকে। তিনি গোল করে এগিয়ে দেন চেলসিকে।

দ্বিতীয়ার্ধের শুরুতে বড় একটি ধাক্কা খায় ম্যানসিটি। রুডিগারের সাথে বল দখলের লড়াইয়ে আহত হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন কেভিন ডি ব্রুইন। তার বদলে কোচ মাঠে নামান গ্যাব্রিয়েল জেসুসকে। খেলার বয়স এক ঘন্টা হওয়ার পর ওয়ার্নারের বদলে মাঠে নামানো হয় ক্রিস্টিয়ান পলিসিচকে। এর ফলে তিনি জায়গা করে নেন ইতিহাসের পাতায়। প্রথম আমেরিকান খেলোয়াড় হিসেবে খেলেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। খেলার শেষ কুড়ি মিনিট চেলসি নিজেদের সীমানায় চলে যায় এবং মনযোগ দেয় রক্ষণকাজে। এ সময় ম্যানসিটি একের পর এক আক্রমণ করতে থাকে। এতে চেলসির সামনে চলে আসে কাউন্টার অ্যাটাকে গোল করার। পলিসিচ ঠিকমতো শট নিতে ব্যর্থ হওয়ায় তারা ব্যবধান বাড়াতে ব্যর্থ হয়। পেপ গার্দিওয়ালা চেষ্টা করেন সব ভাবেই। এমনকি কয়েকদিন আগে চোখের জলে বিদায় দেয়া সার্জিও অ্যাগুয়েরোকেও তিনি বদলি হিসেবে মাঠে নামান রাহিম স্টার্লিংয়ের জায়গায়। কিন্তু চেলসির রক্ষণভাগ ছিল পাথরের মতো দৃঢ়। এনগোলে ক্যান্টের নেতৃত্বে তারা দারুনভাবে ম্যানসিটির সব আক্রমণ রুখে দিয়ে লন্ডনের দলটিকে এনে দেয় দ্বিতীয় শিরোপা। সাত বছর আগে এমনই একটি ফাইনালে ফেবারিট বায়ার্ন মিউনিখকে হারিয়ে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল চেলসি। ম্যানসিটি আরও একবার ব্যর্থ হলো ইউরোপ সেরা হতে। ইংলিশ ফুটবলে তারা ধারাবাহিকভাবে সফল হলেও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা অধরাই রয়ে গেল।

 

Exit mobile version