যুক্তরাষ্ট্রের মিশিগানে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে বাবার মর্মান্তিক মৃত্যু

 সন্ধান২৪.কম ডেস্ক : গত ২৭ সেপ্টেম্বর রবিবার যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন শহরে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক বাংলাদেশি বাবার। নিহত বাংলাদেশির নাম মোহাম্মদ আব্দুর রহিম। তার বয়স ছিল ৬২ বছর।

বিকেলে প্রায় চারটার দিকে  ওয়ার্নার অ্যাভিনিউয়ে ২৪ হাজার ব্লকের কাছে এই দূর্ঘটনা ঘটে। মিশিগানের বাংলাদেশি কমিউনিটিতে এই মর্মান্তিক খবর ছড়িয়ে পড়ার পর শোকের ছায়া নেমে এসেছে।

ড্রাইভিং শেখানোর সময় ১৮ বছর বয়সী মেয়ের চালানো গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, বিকেল প্রায় ৪টার দিকে ওয়ার্নার অ্যাভিনিউর কাছে বাবা তার মেয়েকে গাড়ি চালানো শেখাচ্ছিলেন। গাড়ি ঘুরিয়ে পার্ক করার অনুশীলনের সময় হঠাৎ গাড়িটি বাবাকে ধাক্কা দেয় এবং তিনি গাড়ির নিচে আটকে যান।

জরুরি বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর ১৮ বছর বয়সী মেয়ে ঘটনাস্থলেই ছিলেন এবং তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করছেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পেছনে মাদক বা অ্যালকোহলের কোনো ভূমিকা থাকার সন্দেহ এখন পর্যন্ত নেই। ঘটনাটি তদন্ত করছে ওয়ারেন পুলিশের ট্রাফিক ক্র্যাশ রিকনস্ট্রাকশন ইউনিট।

পরিবার ও কমিউনিটি সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর আগে বড় মেয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রে আসেন আব্দুর রহিম। তিনি দুই মেয়ে ও এক ছেলের বাবা ছিলেন। তার ছেলে বর্তমানে বাংলাদেশে রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। ঢাকার ধানমন্ডিতে তার পারিবারিক বাড়ি বলে জানানো হয়েছে।

 

Exit mobile version