সন্ধান২৪.কম : যুক্তরাষ্ট্র পাসপোর্টে লিঙ্গের স্থানে ‘এক্স’ চিহ্ন যুক্ত করেছে। এই চিহ্ন দিয়ে ননবাইনারি, উভলিঙ্গ এবং জেন্ডার-ননকনফর্মিং মানুষদের বুঝানো হবে। যুক্তরাষ্ট্রে এতদিন যেখানে শুধু পুরুষ ও নারী এই দুই ধরনের লিঙ্গ উল্লেখ থাকত সেখানে এখন নতুন করে এক্স লিঙ্গও যুক্ত করা হলো। খবর- সংবাদ সংস্থা রয়টার্স।
রূপান্তরকামী এবং উভকামীদের সমান অধিকার প্রদানের জন্য ‘এক্স’ এর উল্লেখ রাখা হয়েছে বলে জানিয়েছে আমেরিকা। বুধবার আমেরিকার এক এক ইন্টারসেক্স কর্মী ডানা জাজিম প্রথম এই রকম একটি পাসপোর্ট পেলেন। নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ডানা বলেন, আমার নতুন পাসপোর্ট দেখে আমার চোখ পানিতে ভরে যায়। সেখানে লিঙ্গের স্থানে এক্স দেখতে পাই। ডানা একজন উভলিঙ্গ নৌবাহিনী সদস্য।
তিনি আরো জানান, প্রায় ৬ বছর চেষ্টার পর তিনি তার পাসপোর্টে এক্স লিঙ্গ যুক্ত করতে পেড়েছেন। এর ফলে তাকে আর পুরুষ বা নারী হিসেবে নিজেকে চিহ্নিত করতে হবে না। যুক্তরাষ্ট্র সরকারের নির্দেশে কনস্যুলার রিপোর্ট অফ বার্থ অ্যাব্রোডের তরফে এই নতুন নিয়ম চালু করা হয়েছে যাতে লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে দেশের প্রত্যেকটি মানুষকে স্বাধীনতা এবং সমান মর্যাদা দেয়া হয়।
চলতি বছরের জুন মাসে পুরুষ বা নারীর বদলে এক্স লেখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। অবশেষে অক্টোবর মাস থেকে রূপান্তরকামী এবং উভকামী যারা নতুন পাসপোর্ট পাবেন, তাদের প্রত্যেকের লিঙ্গ নির্দেশকের জায়গায় লেখা থাকবে ‘এক্স’।
২০২২ সাল থেকে পাসপোর্টের জন্য যারা পরে আবেদন করবেন, ফর্ম ফিলআপের সময় তাদেরকে এই অপশনটি দেয়া হবে। ভবিষ্যতে বিদেশে যাওয়ার ক্ষেত্রে যাতে দেশের নাগরিকদের কোনো সমস্যায় পড়তে না হয়, তার জন্য ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র।


