দুই বছর আগে যুক্তরাষ্ট্রের নাগরিক রিজবেইকে বিয়ে করেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। স্বামী পেশায় একজন ব্যবসায়ী। আর তাই বছর দুয়েক ধরে সেখানেই বসবাস করছেন পিয়া।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী। নিয়ম করে প্রায়শই ছবি পোস্ট করেন। সম্প্রতি পিয়া বিপাশার চেহারায়ও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। ধারণা করা হচ্ছে, তিনি ঠোঁটে সার্জারি করিয়েছেন। আবেদনময়ী রূপে দেখা দিয়ে অনুসারীদের নজর কাড়েন তিনি। ছবিগুলোর কমেন্টবক্সে তার প্রতি মুগ্ধতাও প্রকাশ করেন নেটাগরিকরা।
অন্যদিকে জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে ডিসেম্বরে বসতে যাচ্ছে ‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’। এবারের আসরে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন তিনি। এ তথ্য মিসেস ওয়ার্ল্ডের ওয়েবসাইট ও ফেসবুক পেজে পিয়ার ছবি প্রকাশ করে এ তথ্য জানিয়ে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
তবে প্রতিযোগিতার এখনও ৮ মাস বাকি। আপাতত নিজেকে নানানভাবে প্রস্তুত করছেন এই অভিনেত্রী। কারণ, এই সুন্দরী প্রতিযোগিতায় এবার বিশ্বের ৩০টিরও বেশি দেশ থেকে বিবাহিত নারীরা অংশ নিচ্ছেন। ২০১৯ সালে বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতায় মুনজারিন মাহবুব অবণী নামে একজন অংশ নিয়েছিলেন। দ্বিতীয়বারের মতো কোনো বাঙালি নারী এই আসরে অংশ নিচ্ছেন।
এ প্রসঙ্গ পিয়া বিপাশা জানান, ‘ইনস্টাগ্রামে মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেওয়ার একটি বিজ্ঞাপন চোখে পড়ে। তাদের শর্তগুলো দেখে চিন্তা করি আমার সঙ্গে মিলে যাচ্ছে তাই আমিও তো অংশ নিতে পারি। তারপর অনেক চিন্তা করে আবেদন করি। এরপর আমাকে চূড়ান্ত করে তা মেইলে জানায় আয়োজক কর্তৃপক্ষ।’
প্রসঙ্গত, ২০১২ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন পিয়া বিপাশা। এরপর তাকে বহু নাটকে দেখা গেছে। ২০১৬ সালে ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ সিনেমার মাধ্যমে তিনি বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। তবে অভিনয় থেকে একেবারেই বিদায় নিয়েছেন কি না, এ বিষয়ে অবশ্য কিছু জানাননি পিয়া বিপাশা।


