সন্ধান২৪.কম : করোনাভাইরাস মহামারিতে আক্রান্ত ও মৃতের সংখ্যায় বিশ্বের শীর্ষস্থানে থাকা যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু এক লাখ ৫০ হাজার ছাড়িয়েছে। বুধবার দেশটিতে এক হাজার ৪৬১ জনের মৃত্যু নথিবদ্ধ হয়েছে । এছাড়া এখন যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এ প্রায় প্রতি মিনিটে একজন করে মারা যাচ্ছে । সংবাদসূত্র: বিবিসি, রয়টার্স, এএফপি যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দুই মাসের মধ্যে এখন সবচেয়ে দ্রম্নতগতিতে বাড়ছে, গত ১১ দিনে মৃতের সংখ্যা বেড়েছে ১০ হাজার।
জাতীয়ভাবে টানা তিন সপ্তাহ ধরে কোভিড-১৯ জনিত মৃতু্যর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে নতুন আক্রান্তের সংখ্যা সাপ্তাহিক হিসাবে জুনের পর সম্প্রতি প্রথমবারের মতো হ্রাস পেয়েছে। চলতি মাসে অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা ও টেক্সাসে সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা গেছে, এখানে হাসপাতালগুলোতে রোগী উপচে পড়েছে। রোগীর সংখ্যা বাড়তে থাকায় এ রাজ্যগুলো অর্থনৈতিক কর্মকান্ড পুনরায় চালু করার উদ্যোগ নিয়েও পরে পিছিয়ে আসে। মার্চ ও এপ্রিলে ভাইরাসের বিস্তার ঠেকাতে এই রাজ্যগুলো লকডাউনে ছিল। চলতি মাসে রাজ্যের হিসাবে কোভিড-১৯ এ সবচেয়ে বেশি মৃতু্যর ঘটনা ঘটেছে টেক্সাসে, সেখানে মারা গেছে প্রায় চার হাজার ৩০০ জন। দুই হাজার ৯০০ মৃতু্য নিয়ে এরপরই আছে ফ্লোরিডা। তৃতীয় স্থানে থাকা সবচেয়ে জনবহুল রাজ্য ক্যালিফোর্নিয়ায় মৃত্যু হয়েছে দুই হাজার ৭০০ জনের। চলতি মাসে এই তিনটি রাজ্যে মৃত্যুর সংখ্যা দ্রম্নতগতিতে বাড়তে থাকলেও যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোর মধ্যে মোট মৃত্যু ও মাথাপিছু মৃত্যুর সংখ্যায় নিউইয়র্ক ও নিউ জার্সি এখনো সবার ওপরে আছে।
