সন্ধান২৪.কম : মাত্র এক দিনের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় মুন্না বরকত (২২) এবং লিপন আহমেদ তালুকদার (৩১) নামে দুই বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্সিতে দ্রুতগামী গাড়ির চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বৃহস্পতিবার (৮ জুলাই) স্থানীয় সময় রাত প্রায় ৯টায় নিউইয়র্কের ম্যানহাটন শহরে বাইসাইকেলযোগে ফুড ডেলিভারির সময় দ্রুতগামী বেপরোয়া একটি প্রাইভেট কার মুন্নাকে চাপা দিয়ে চলে যায়। পুলিশ ম্যানহাটানের ইস্ট হিউস্টন ও ক্লিনটন স্ট্রিট থেকে তার লাশ উদ্ধার করে বেলভিউ হাসপাতালে নিয়ে যায়। পুলিশ ঘাতক চালককে আটক করতে পারেনি। মুন্না বরকত ৩ বছর আগে যুক্তরাষ্ট্রে আসেন। নিউইয়র্কের ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকার বাসিন্দা মুন্নার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নবগ্রামে।
অন্যদিকে বুধবার স্থানীয় সময় দুপর সাড়ে ১২টার দিকে রাস্তা পারাপারের সময় নিউজার্সির প্রসপেক্ট পার্ক সিটি হলের সামনে গাড়ি চাপায় নিহত হন বাইকেল চালক লিপন। স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চার বছর আগে পরিবারের অন্য সদস্যদের সাথে ইমিগ্র্যান্ট ভিসায় যুক্তরাষ্ট্রে আসেন লিপন। তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৮নং রাউৎগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভবানীপুরে।


