সন্ধান২৪.কম : সেরিনা উইলিয়ামস প্রথম সেটে হেরে গিয়েও স্লোয়ান স্টিফেন্সকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠলেন । ফল তাঁর পক্ষে ২-৬, ৬-২, ৬-২। আর্থার অ্যাশ স্টেডিয়ামে জেতার ফলে সেরিনা যুক্তরাষ্ট্র ওপেনে সব চেয়ে খারাপ ফল করা ঠেকালেন। এর আগে ১৯৯৮ সালে তিনি এখানে তৃতীয় রাউন্ডে বিদায় নিয়েছিলেন।
তখন সেরিনার বয়স ছিল মাত্র ১৬ এবং একটিও গ্র্যান্ড স্ল্যাম জেতেননি। এখন তিনি ৩৯ এবং মার্গারেট কোর্টের ২৪ গ্র্যান্ড স্ল্যামের নজির স্পর্শ করার জন্য লড়ছেন। কোর্টের চেয়ে গ্র্যান্ড স্ল্যাম জয়ে মাত্র এক পিছিয়ে সেরিনা। যুক্তরাষ্ট্র ওপেনই তিনি জিতেছেন ছ’বার। ‘‘দুর্দান্ত লড়াই হয়েছে। আমরা সব সময়ই দারুণ ম্যাচ উপহার দিয়েছিল,’’ স্লোয়ানের সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বিতার কথা তুলে বলেছেন সেরিনা। যোগ করেন, ‘‘প্রথম সেটে দুর্ধর্ষ খেলেছে স্লোয়ান। আমি শুধু ভাবছিলাম, একটা গেমও যদি জিততে পারি। ওকে থামানোই যাচ্ছিল না।’’ শুরুর ঝড় অবশ্য ধরে রাখতে পারেননি স্লোয়ান। পরের দু’টি সেটে তীব্র ভাবে ফিরে আসেন সেরিনা। শেষ ষোলোতে তাঁর প্রতিপক্ষ গ্রিসের মারিয়া সাকারি। ২৫ বছরের সাকারি কিন্তু গত সপ্তাহেই তিন সেটের লড়াইয়ে হারিয়েছেন সেরিনাকে।


