ছ ড়া ।। ছ ড়া ।।ছ ড়া ।। ছ ড়া ।।ছ ড়া ।। ছ ড়া ।।ছ ড়া ।। ছ ড়া ।।
নোনতা জুস
রাজেকুজ্জামান রতন
—————————
ক্ষুধার আগুন নেভাতে শিশুটি
কাজ করতে এসে,
মুনাফালোভির আগুনে পুড়ে
ছাই হয়ে গেল শেষে।
স্বপ্নে ভরা দু’চোখ ছিল
ছিল হাসিভরা মুখ,
মা ভাবতো ওরা বড় হলে
থাকবে না আর দুখ।

ঠিকাদার বলে কাজে পাঠালে
নগদ টাকা পাবে,
মালিক ভাবে সস্তা শ্রমিকে
মুনাফা ভালোই হবে।
ক্ষুধার আগুন, লাভের আগুন
ছারখার করে সব,
শত শ্রমিকের শ্রমে ও ঘামে
মুনাফার উৎসব।
মালিকেরা শুধু মুনাফা খোজে
রাষ্ট্র দমন করে,
শ্রমিকের ঘাম রক্ত দিয়েই
দেশের জিডিপি বাড়ে।
জুস খেতে কি লাগবে ভালো
যখন করবে চিন্তা,
মায়ের চোখের জলে হয়ে গেছে
সেজান জুসটা নোনতা ।



