রিংয়েই নামা হয়নি সুরকৃষ্ণের, হতাশার দিনে জয় টেবিল টেনিসে

বার্মিংহাম কমনওয়েলথ গেমসের পদক লড়াইয়ের প্রথমদিনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অম্ল-মধুর। জিমন্যাস্টিক্সে আশার আলো নেই। হতাশাজনক পারফরম্যান্স সাঁতারুদের। রিংয়ে নামার আগেই কুপোকাত বক্সার সুরকৃষ্ণ চাকমা।

তবে টেবিল টেনিসে পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ প্রথম রাউন্ডে উতরে গেছে। ৩-০ সেটে ফিজিকে হারিয়েছে লাল-সবুজ দল। সাব্বির রিফাত ৩-০ সেটে ফিজির ভিকিকে, রিদয় একই ব্যবধানে স্টেফেনকে হারান। দ্বৈতে রামহীম লিয়ন বম এবং রিদয় জুটি ৩-০ সেটে ফিজির চৌহান এবং স্টেফেনকে হারান। দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ গায়ানার মোকাবিলা করবে। গায়ানাকে হারালে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশ।

সাঁতারে বাংলাদেশের সাঁতারুরা সবার শেষে শেষ করেছেন। পুরুষদের ৫০ মিটার বাটার ফ্লাইয়ে মাহমুদুননবী নাহিদ ২৬.২৫ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করেছেন। ৪ নম্বর হিটে নাহিদের অবস্থান আটের মধ্যে অষ্টম। মহিলাদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে দুই নম্বর হিটে ৩৭.৯০ সেকেন্ড সময় নিয়ে সাতজনের মধ্যে পঞ্চম হন মরিয়ম আক্তার। সব মিলিয়ে ৩৩ জনের মধ্যে মরিয়ম ৩০তম ও নাহিদ ৫৪ জনের মধ্যে ৪১তম হয়েছেন।

বক্সিংয়ে বাংলাদেশি বক্সার রিংয়ে নামার আগেই কুপোকাত হয়েছেন। মার্চপাস্টে মাবিয়ার সঙ্গে পতাকা বহনকারী বক্সার সুরকৃষ্ণ চাকমা রিংয়ে উঠতে পারেননি। লাইট ওয়েল্টার ওয়েটে সুরকৃষ্ণের প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। কিন্তু উচ্চ রক্তচাপের কারণে প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নেন সুরকৃষ্ণ চাকমা।

এ প্রসঙ্গে এই বক্সার বলেন, ‘প্রথমবার মেডিকেল টেস্টের সময় কোনো সমস্যা ছিল না। কিন্তু পরে প্রেসার মাপার পর ডাক্তাররা আমাকে খেলার অনুমতি দেননি। যদিও কিছুক্ষণ পর প্রেসার স্বাভাবিক হয়ে যায়।’ দলের ডাক্তার শফিকুর রহমান জানান, আসলে সুরকৃষ্ণের দুর্ভাগ্য। উচ্চ রক্তচাপের কারণেই খেলা হলো না এই বক্সারের।’

গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসেও বাংলাদেশি বক্সাররা খেলার সুযোগ পাননি। ম্যানেজার্স মিটিংয়ে উপস্থিত না থাকার কারণে বাংলাদেশ দলকে বাদ দেয় আয়োজক কমিটি। জিমন্যাস্টিক্সে আলী কাদের হক, আবু সাঈদ রাফি ও শিশির আহমেদের পারফরম্যান্স ছিল হতাশাজনক।

Exit mobile version