গত বছর টোকিও অলিম্পিকে ছেলেদের বর্শা নিক্ষেপে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন ভারতের নীরাজ চোপড়া। সেই কীর্তির পুনরাবৃত্তির হাতছানি ছিল এবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও। সেটা হয়নি এবার।
তবে যা করেছেন, তাতেও ইতিহাস গড়া হয়ে গেছে তার। প্রথম ভারতীয় পুরুষ ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেট হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিতেছেন! ২৪ বছর বয়সি নীরাজ এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকের বড় দাবিদারই ছিলেন। রোববার ফাইনালে নিজের চতুর্থ থ্রোতে ৮৮.১৩ মিটার দূরে বর্শা ছোড়েন তিনি, যা প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্সের চেয়ে মাত্র দেড় মিটার পেছনে মাটিতে নামে। গ্রেনাডার এই অ্যাথলেট বর্শা ছুড়েছিলেন ৯০.৫৪ মিটার দূরে।
তাতে সোনা না জেতা হলেও রুপা জেতা নিশ্চিত হয়ে যায় ভারতীয় অ্যাথলেট নীরাজের। গড়া হয়ে যায় ইতিহাসও। ২০০৩ সালে প্যারিসে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের কিংবদন্তি লং জাম্পার অঞ্জু ববি জর্জ প্রথম ভারতীয় হিসাবে পদক জয় করেছিলেন। সেবার ব্রোঞ্জপদক জেতেন তিনি। নীরাজ কাল রুপা জিতে ছাপিয়ে গেলেন তাকে। নীরাজ গত অলিম্পিকে ৮৭.৫৮ মিটার দূরে বর্শা ছুড়ে সোনা জিতেছিলেন। কাল প্রথম থ্রোতে তার চেয়ে বেশি দূরে বর্শা ছুড়েছেন তিনি, দূরত্ব ছিল ৮৮.৩৯ মিটার। তাতেই তিনি পাড়ি দেন ফাইনালে। তবে ফাইনালের শুরুটা ভালো হয়নি তার। প্রথম থ্রো ফাউল হয় তার।
পরের দুই রাউন্ডে ৮২.৩৯ ও ৮৬.৩৭ মিটার দূরত্বে বর্শা ছোড়েন তিনি, যা তার গড়পড়তা পারফরম্যান্সের চেয়েও বেশ নিচে ছিল। তবে চতুর্থ চেষ্টায় তিনি বর্শা ছোড়েন ৮৮.১৩ মিটার দূরত্বে। তাতেই তিনি উঠে যান দ্বিতীয় স্থানে, শেষ পর্যন্ত ধরে রাখেন এই স্থান।


