ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আমন্ত্রণে কে না সাড়া দেবে! ফুটবলপ্রেমীদের কাছে তা স্বপ্ন।
কিন্তু ঘটল উল্টোটাই। রোনাল্ডোর আমন্ত্রণে প্রত্যাখ্যান করলেন জ্যাক হার্ডিং নামের এক কিশোর!
ওই কিশোর ও তার মা সাফ জানিয়ে দিলেন, রোনাল্ডোর আমন্ত্রণে আমরা যাব না। কেন যাব, শুধু সে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলে?
এমন খবরে বিস্মিত নাও হতে পারেন অনেকে, যদি জানেন, কে এই কিশোর আর রোনাল্ডোর ওপর কেন এতো ক্ষুব্ধ তার পরিবার?
জ্যাক সেই কিশোর কদিন আগে যার মোবাইল ফোন আছড়ে ভেঙেছিলেন রোনাল্ডো, যা নিয়ে এখনো সমালোচনার বানে বিদ্ধ হচ্ছেন সিআর সেভেন।
ঘটনাটি ৯ এপ্রিল এভারটন বনাম ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের।
এভারটনের কাছে ১-০ গোলে হেরে প্রচণ্ডরকম ক্ষেপে যান রোনাল্ডো। ম্যানইউকে না জেতাতে পারার ক্ষোভ গ্যালারির এক কিশোরের ওপর ঝারেন।
কোনো কারণ ছাড়াই নিরপরাধ কিশোরের মোবাইল ফোনটি আছাড় মেরে ভেঙে টুকরো টুকরো করে ফেলেন তিনি।
সেই কিশোর ছিলেন এভারটন–সমর্থক। তাই ঘটনাটিতে আরো বিষবাষ্প আক্রান্ত হয়।
রোনাল্ডের ওই কাণ্ডের ভিডিও কেউ একজন সামাজিক যোগাযোগমাধ্যমে তখনই পোস্ট করে দেন। যা রাতারাতি ভাইরাল হয়ে পড়ে। এরপর থেকে পর্তুগিজ তারকার সমালোচনা চলছে তীব্রভাবেই। ইউরোপের গণমাধ্যমগুলোও খবর প্রকাশ করেছে এ নিয়ে।


