সন্ধান২৪.কমঃ কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৫০০ জন। এখনও নিখোঁজ রয়েছে দেড়শ শিশুসহ ৪০০ জন। এ ঘটনায় ১০ হাজার পরিবারের ৪৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইন্টার সেক্টর কোঅর্ডিনেশন গ্রুপ (আইএসসিজে) বিষয়টি নিশ্চিত করেছে।

গত সোমবার বিকেলে উখিয়ার বালুখালী ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে। ক্যাম্পের ৮, ৯, ১০ ও ১১ নম্বর ব্লক পুরোপুরি পুড়ে গেছে। বালুখালী ক্যাম্পের বেশ কিছু এনজিও অফিস এবং এপিবিএনের একটি পুলিশ ব্যারাকও ভস্মীভূত হয়েছে। আগুনে পুড়ে নিহতদের বিস্তারিত জানা যায়নি। তবে পুলিশ গতকাল বিকেল পর্যন্ত ১১ জনের লাশ উদ্ধার করার কথা জানিয়েছে।

কক্সবাজার ফায়ার স্টেশনের ইনচার্জ শাহদাত হোসেন জানান, লাশ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।নিহতদের মধ্যে ৯ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সলিম উল্লাহ (৫৪), রফিক আলম (২৭), আবদুল্লাহ (৭), আসমাউল (৮), মিজানুর রহমান (৫), বশির আহমদ (৬৩), খতিজা বেগম (৭২), মো. একরাম (২), এমদাদ উল্লাহ (২৬)।

পালংখালী ইউনিয়নের বালুখালী আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ে স্থাপিত প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক ব্র্যাকের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. রঞ্জু মিয়া জানান, কমপক্ষে ২ হাজার আহত মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার বিকাল চারটার দিকে উখিয়ার বালুখালী ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে। পরে আগুন পার্শ্ববর্তী ৯, ১০ ও ১১ নম্বর ক্যাম্পে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী, এপিবিএন ও স্থানীয়দের চেষ্টায় পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় দশ হাজার ঘর পুড়ে গেছে।


