সন্ধান২৪.কম : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেলবাহী ওয়াগন ট্রেন লাইনচ্যুত হয়েছে। ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পরই তেল সংগ্রহের জন্য বোতল-বালতি নিয়ে দৌড়াদৌড়ি শুরু করেন স্থানীয়রা। এ যেন তেলের মেলা শুরু হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম রেলপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

দেখা যায়, লাইনচ্যুত হয়ে উল্টে যাওয়া ট্রেনের ওয়াগন থেকে তেল সংগ্রহের জন্য হুমড়ি খেয়ে পড়েছে স্থানীয়রা। কারও হাতে বালতি, কারও হাতে পাতিল, কারও হাতে জগ, আবার কারও হাতে প্লাস্টিকের বড় গামলা। সবাই এসব পাত্রে জ্বালানি তেল সংগ্রহ করে বাড়ি নিয়ে যাচ্ছেন। কার আগে কে তেল নিয়ে যাবেন তা নিয়ে যেন চলছে এক ধরনের প্রতিযোগিতা। রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও থানা পুলিশ বারবার চেষ্টা করেও তাদের নিবৃত্ত করতে পারেনি।

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলস্টেশন অদূরে চানমারী নামক স্থানে চট্টগ্রামের পাহাড়তলি থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ট্রেন (৯৫১ নম্বর) লাইনচ্যুত হওয়ার পর তেলের ওয়াগন থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল পড়ে যায়। লাইনচ্যুত ওই ট্রেন থেকে এলাকাবাসীকে তেল হরিলুট করতে দেখা গেছে। এদিকে ঢাকা, সিলেট, চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হতে অনেক সময় লাগবে ।

স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ডাউন নামার সময় তেলবাহী ট্রেনের সাতটি বগি উল্টে যায়। ট্রেনের স্পিড বেশি থাকায় কন্ট্রোল করতে না পারায় তেল বোঝাই ট্রেন উল্টে যায়। চানমারী গ্রামের রেবাকা বেগম, কুসুম বেগম ও সুমি বেগম বলেন, ওয়াগন থেকে তেল মাটিতে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এসব তেল সংগ্রহ করে নিয়ে যাচ্ছি। আমরা তো গরিব মানুষ। একই কথা জানালেন, রফিক, কবির মিয়া, সলিম উদ্দিন।


