সন্ধান২৪.কম : দিনাজপুরের ঘোড়াঘাটে রাতের আঁধারে শত্রুতার জেরে ৫০ শতক জমির লাউগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
অভাবের সংসারের স্বচ্ছলতা আনতে ৫০ শতক জমিতে লাউ চাষ করেছিলেন কৃষক আরিফ হোসেন। তবে পূর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে তার জমির সব গাছ কেটে ফেলেছে দুর্বুত্তরা। ১৪ নভেম্বর ওই ঘটনায় কৃষক আরিফ হোসেন ঘোড়াঘাট থানায় অভিযোগ দাখিল করেছেন।
শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়নের শীতলগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

হতভাগা কৃষক আরিফ হোসেন দুঃখ করে বলেন, সংসারে স্বচ্ছলতা আনতে অনেক স্বপ্ন নিয়ে আজ থেকে প্রায় দুই মাস আগে ৫০ শতক জমিতে লাউয়ের চারা রোপন করেছিলাম। অনেক পরিশ্রম করে গাছগুলোকে লাউ ধরার উপযোগী করে গড়ে তুলি। প্রতিদিন রাতে আমি লাউয়ের জমিতে পাহারা দিতাম। প্রতিদিনের ন্যায় শুক্রবারও সেখানে পাহারা দিচ্ছিলাম, পরে রাত ৩টার দিকে বাড়িতে যাই। পরে ভোরে জমিতে ফিরে দেখি জমির প্রায় ১০০ লাউগাছ কেউ কেটে ফেলেছে। এতে করে আমার প্রায় দুই লাখ টাকার মতো আর্থিক ক্ষতি হয়েছে। পুর্ব শত্রুতার জের ধরে আজকে যারা আমার এই ক্ষতি করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, লাউ গাছ কেটে ফেলার বিষয়টি আমি শুনেছি, আমি ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ঘোড়াঘাট থানার ওসি বলেন, লাউ গাছ কাটার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


