সন্ধান২৪.কম : লালমনিরহাটে সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের দালালবাড়ি এলাকায়েএকটি পরিবারকে ধর্ষণের পর ‘গর্ভপাতের’ কারণে একঘরে করে রেখেছে মসজিদ কমিটি ।
প্রভাবশালীদের ভয়ে পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে যান বলে এলাকাবাসী জানান।পাশের বড়বাড়ি ইউনিয়নে তরুণীর নানাবাড়ি। সেখানে গিয়েও তরুণী পরিবারের সদস্যদের পাওয়া যায়নি। আতঙ্কে ও লজ্জায় তারা বাড়ি ছাড়া হয়েছে বলে জানান নানাবাড়ির স্বজনরা।
এলাকাবাসী জানান, ১৯ বছরের এক তরুণীকে বিয়ের প্রলোভন দিয়ে ওই এলাকার ভোলারচওড়া গ্রামের সুলতান মুন্সীর ছেলে আব্দুস সালাম(২৬) ধর্ষণ করেন। পরে বিয়ে না করে গর্ভপাত করানো হয়। এ ঘটনায় শুক্রবার দালালবাড়ি মসজিদ কমিটির সদস্যরা সালিশে তরুণীর পরিবারকে একঘরে করে রাখে।
দালালবাড়ি মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আরফান আলী বলেন, “সমাজের সবার সিদ্ধান্তে পরিবারটিকে বয়কট করা হয়েছে। মেয়ের পরিবার বিয়ের প্রমাণাদি দেখাতে পারলে সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে।”
সালামের ভাবি রুমি বেগম বলেন, “সালাম এখন ঢাকায় রয়েছে। ইউনিয়ন পরিষদ সদস্য আবু বক্কর সিদ্দিকের মাধ্যমে বিষয়টি সুরাহা করা হয়েছে।” আবু বক্কর সিদ্দিক পঞ্চগ্রাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য।তিনি টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে এলাকাবাসী অভিযোগ করেছে। তবে আবু বক্কর সিদ্দিক অভিযোগ অস্বীকার করেছেন।
ওসি বলেন, “এলাকার লোকজনের একটি গণপিটিশন পেয়েছি। তবে ভুক্তভোগী পরিবারের কোনো সদস্য অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


