সন্ধান২৪.কম : লিবিয়া উপকূলে একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৭৪ জন শরণার্থীর মৃত্যু হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই নৌকায় একশ ২০ জনের বেশি যাত্রী ছিল।
জানা গেছে, বৃহস্পতিবার দুর্ঘটনা কবলিত নৌকায় একশ ২০ জনের বেশি যাত্রী ছিল। খোমস উপকূলে নৌকা ডুবে গেছে। এতে ৭৪ জন শরণার্থীর প্রাণ গেছে।তাদের মধ্যে নারী ও শিশু ছিল। এরই মধ্যে ৪৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

আইওএম এর তথ্যানুসারে, এ বছর ইউরোপে যাওয়ার সময় অন্তত নয়শ মানুষ ভূমধ্যসাগরে নৌকাডুবে মারা গেছে। উপকূলরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে লিবিয়ায় ফিরে গেছে ১১ হাজারের বেশি মানুষ।
চলতি বছর বিভিন্ন দেশ থেকে ইউরোপে শরণার্থীদের ঢল বেড়ে গেছে। উন্নত জীবনের আশায় অনেকেই বিপজ্জনক পথ পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশের চেষ্টা করে থাকে। সাম্প্রতিক সময়ে লিবিয়া এবং প্রতিবেশী তিউনিশিয়া থেকে বেশিসংখ্যক শরণার্থী ইউরোপে পাড়ি জমাচ্ছেন।লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ৭৫ মাইল পশ্চিমে অবস্থিত বন্দরনগরী খোমস। চলতি বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত কমপক্ষে আটটি শরণার্থী বোঝাই নৌকা দুর্ঘটনার কবলে পড়েছে। ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে।