শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে ফল। কারণ, ফলে মিনারেল, ফাইবার, আয়রন, ভিটামিন ও পুষ্টিগুণে ভরপুর থাকে। নিয়মিত ফল খেলে শারীরিক নানা সমস্যা দূরে থাকে। তবে ফল খাওয়ারও নির্দিষ্ট নিয়ম আছে। ফল স্বাস্থ্যকর একটি খাবার। দিনে একটি বা দুটি ফল খাওয়া শরীরের জন্য উপকারী। কিন্তু বেশি পরিমাণে ফল খেলে হতে পারে নানা শারীরিক জটিলতা।
বেশি ফল খেলে যেসব সমস্যা দেখা দিতে পারে—
বেশির ভাগ ফলে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ থাকে। অতিরিক্ত ফ্রুক্টোজ শরীরে প্রবেশ করলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়। শরীরে বাড়তি মেদ জমতে থাকে। ফলে স্থূলতার সমস্যা সৃষ্টি হয়। এই সমস্যা ছাড়াও উচ্চ রক্তচাপ ও ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
প্রয়োজনের অতিরিক্ত ফ্রুক্টোজ খেলে হজমের সমস্যা, পেটের গন্ডগোল দেখা দিতে পারে। বেশি ফল খেলে ইরিটেবল বাওয়েল সিনড্রোমে (আইবিএস) আক্রান্ত হওয়ার আশঙ্কাও থাকে। পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য, বদহজম, ডায়রিয়া— এই রোগের অন্যতম লক্ষণ। তাই সুস্থ থাকতে ফল খান। তবে পরিমাণ মতো। মাত্রাধিক নয়।
অনেকে দ্রুত ওজন কমাতে ভরসা রাখেন ফলে। অন্য খাবারের পরিবর্তে তারা বেশি করে ফল খান। এতে ওজন কমার চেয়ে বেড়ে যেতে পারে। শুধু ফল খাওয়ায় অন্যান্য খাবার থেকে প্রোটিন, ওমেগা ৩, ক্যালশিয়াম শরীরে যাচ্ছে না। এই ধরনের খাদ্যাতালিকা মেনে চলার ফলে শরীর ভিতর থেকে দুর্বল হয়ে পড়ে।
2
যতটা পরিমাণ ফল খাওয়া শরীরের জন্য ভালো—
শরীর ভালো রাখতে ফল ছাড়াও অন্যান্য পুষ্টিকর খাবার খাওয়া জরুরি। দিনে বিভিন্ন রঙের ২-৩টি ফল খাওয়া শরীরের জন্য যথেষ্ট। এতেই ভালো থাকবে শরীর। এর চেয়ে বেশি ফল খেলে নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে।


