সন্ধান২৪.কমঃ নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রথম বাংলাদেশী-আমেরিকান নারী হিসেবে শপথ নিয়ে এক অনন্য ইতিহাস গড়লেন শাহানা হানিফ। ১৬২৫ সালে বিশ্বের রাজধানী হিসেবে খ্যাত নিউইয়র্ক সিটি কাউন্সিল প্রতিষ্ঠার পর ৩৯৬ বছরের ইতিহাসে শাহানা হানিফই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত, যিনি সরাসরি ভোটে কাউন্সিলওমেন নির্বাচিত হলেন।

গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে নিউ ইয়র্ক সিটি হলে এক অনাড়ম্বর পরিবেশে কাউন্সিল মেম্বার হিসেবে তিনি শপথ নেন। এ সময় তিনি প্রয়োজনীয় কাগজে স্বাক্ষর করেন তিনি। কোভিড পরিস্থিতির কারণে সীমিত পরিসরে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাহানা হানিফের জন্য নির্ধারিত ছিল সময় ছিল সোমবার বিকাল ৩টা। নির্ধারিত সময়ের কিছু আগে বাবা-মাকে সঙ্গে নিয়ে সিটি হলে প্রবেশ করেন শাহানা হানিফ। এরপর সিটি হলে স্পিকারের একজন প্রতিনিধি তাকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের সময় শাহানা হানিফ যে পবিত্র কোরান ছুঁয়ে শপথ নেন তা তিনি বাসা থেকেই সঙ্গে করে নিয়ে যান। আগামী ১ জানুয়ারি থেকে তার কার্যকাল শুরু হবে।

তার শপথ গ্রহন অনুষ্ঠানে তার মা-বাবা সহ আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণের পর সিটি কাউন্সিল অধিবেশনে শাহানা হানিফের জন্য নির্ধারিত আসন দেখিয়ে দেন। সিটি কাউন্সিলের সদস্য হিসাবে শাহানা হানিফ বছরে এক লাখ ৪৮ হাজার ৫০০ ডলার সম্মানীসহ আনুষঙ্গিক সুবিধাদি পাবেন।
ব্রুকলিনে বাংলাদেশিসহ স্প্যানিশ, জুইশ অধ্যুষিত কেনসিংটন, পার্ক স্লোপ এবং সেন্ট্রাল ব্রুকলিন নিয়ে গঠিত কাউন্সিল ডিসট্রিক্ট-৩৯ থেকে জয়ী হন শাহানা হানিফ। মোট ভোটের ৮৯ শতাংশ পেয়েছেন শাহানা হানিফ। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি কনজারভেটিভ পার্টিও উইনকোফ পেয়েছেন মাত্র ৮ শতাংশ ভোট।
বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফের পৈত্রিক নিবাস চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা মোহাম্মদ হানিফের জ্যেষ্ঠ কন্যা শাহানা হানিফ শাহানা হানিফ দীর্ঘ দিন ধরে ব্রুকলিনে রাজনীতিতে সক্রিয়।


