এ মুহূর্তে ক্রিকেটবিশ্বে অন্যতম সেরা পেসার পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। এ বাঁহাতি পেসারে ভর করেই দারুণ সব সাফল্য পাচ্ছে পাকিস্তান।
আর সেই পেসারের জায়গায় ইংলিশ কাউন্টি ক্লাব মিডলসেক্স দলে ভেড়ালো ভারতের ডানহাতি পেসার উমেশ যাদবকে।
অবশ্য এর জন্য কাউন্টি ক্লাবটি কোনো দায় নেই। আফ্রিদির ফর্মও এখানে বিবেচ্য ছিল না।
আসেলে পরিবারকে সময় দিতে ও জাতীয় দলের শ্রীলংকা সফরের জন্য প্রস্তুতি নিতে মাঝপথেই মিডলসেক্স ছেড়ে দেশে ফিরে যান শাহিন আফ্রিদি। তাই তার বদলি হিসেবে দলটিতে ঠাঁই পেয়েছেন ভারতের উমেশ যাদব।
কাউন্টির চলতি মৌসুমে বাকি সময়টা মিডলসেক্সের জার্সিতে খেলবেন ৩৪ বছর বয়সি এ ভারতীয় তারকা পেসার।
সোমবার থেকে শুরু হওয়া উরস্টারশায়ারের বিপক্ষে ইতেমধ্যে মাঠে নেমেছেন উমেশ। এ ডানহাতি পেসারের সামনে অফুরন্ত সময়। কারণ ভারতেরওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের দলে তাকে নেওয়া হয় না। তাই সামনের কয়েক মাস চুটিয়ে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলবেন উমেশ।
শুধু কাউন্টি চ্যাম্পিয়নশিপ-ই না; মিডলসেক্সের হয়ে রয়্যাল লন্ডন কাপেও খেলবেন উমেশ যাদব।
উমেশকে দলে ভেড়ানোর বিষয়ে মিডলসেক্স হেড অব পারফরম্যান্স অ্যালান কোলম্যান বলেছেন, ‘সে একজন পরীক্ষিত বিশ্বমানের বোলার। শুধু কাউন্টি চ্যাম্পিয়নশিপ নয়, আসন্ন রয়্যাল লন্ডন কাপেও সে দারুণ এক রত্ন হতে পারে। তরুণদের নিয়েও ভালো কাজ করতে পারবে উমেশ।’
ভারতের টেস্ট দলের নিয়মিত মুখ উমেশ। সবমিলিয়ে ৫২ টেস্টে ৩০ গড়ে উমেশের শিকার ১৫৮ উইকেট।


