সন্ধান২৪.কমঃ হেফাজতে ইসলামীর পক্ষে সোশ্যাল মিডিয়ায় অবস্থান নেয়ার পৃথক তিনটি ঘটনায় এর আগে তিন ছাত্রলীগ-যুবলীগ নেতার বহিষ্কার করা হয়েছিল। এবার রাঙামাটির লংগদু উপজেলার তিন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ‘শিবির’ সম্পৃক্ততার দায়ে সাংগঠনিক শৃংখলা ভঙ্গের অভিযোগে ‘অব্যাহতি’ দিয়েছে উপজেলা ছাত্রলীগ।
অব্যাহতি প্রাপ্তরা হলেন- লংগদু মডেল কলেজ ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক ফারহাদ আল ফারদীন, সাবেক উপশিক্ষা ও পাঠচক্র সম্পাদক মেহেদী হাসান এবং উপজেলা ছাত্রলীগের কর্মী নুরুল ইসলাম।
উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ আওয়ামী লীগ লংগদু উপজেলা কমিটির সভাপতি ও সম্পাদকের নির্দেশক্রমে দলীয় শৃংখলা ভঙ্গ এবং জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ততা থাকায় এই তিনজনেক লংগদু উপজেলা ছাত্রলীগের সকল প্রকার কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হলো এবং তাদের কোনো কার্যক্রমের দায়ভার লংগদু উপজেলা ছাত্রলীগ নেবে না।’
লংগদু উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ জানিয়েছেন, জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় উপজেলা আওয়ামী লীগের পরামর্শের ভিত্তিতে এই তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি জেলা কমিটিকেও লিখিতভাবে অবহিত করা হয়েছে।’
