শেখ হাসিনার নামে “অ্যাওয়ার্ড” চালুর উদ্যোগ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের

সন্ধান২৪.কম : এ বছর থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, করোনা মোকাবেলায় শেখ হাসিনার সফল নেতৃত্ব বিশ্বে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশ্ব নেতৃবৃন্দ করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন এবং তা নিজ নিজ দেশে অনুসরণ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যতম সেরা মানবিক প্রধানমন্ত্রী হিসেবে আবির্ভূত হয়েছেন। আর তাই প্রধানমন্ত্রীর এসব মানবিক কর্মকাণ্ডকে স্মরণীয় করে রাখতে এবং তাঁর প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়।

তিনি বলেন,  করোনা মহামারীসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস, বন্যা মোকাবেলায় রোল মডেল হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এক উজ্জ্বল নাম। বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় যুবসমাজকে উদ্বুদ্ধ করার প্রয়াসে ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর নামে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২০’ প্রদান করা হবে এবং আগামী বছর হতে এ যুব পুরস্কার প্রদান অব্যাহত থাকবে।

 মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে গাজীপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির চেক এবং স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সমূহের মাঝে এককালীন অনুদান বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এ বছর ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২০’ পুরস্কার প্রদানের ক্ষেত্রে যেসব যুবক কোভিড ১৯ মোকাবিলায় মানবিক সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করে দেশে এবং বিদেশে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদেরকে বিবেচনায় নেওয়া হবে।

 

Exit mobile version