সন্ধান২৪.কম: বগুড়ায় জামাই আবু সাঈদ (৩০) তার শ্বশুরকে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন । ঘটনায় অপহৃত শ্বশুর গফ্ফার শাহকে (৬০) উদ্ধার এবং জামাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুজরুক বাড়িয়া গ্রামের বাসিন্দা গফ্ফার শাহ স্থানীয় বায়তুল রহিম জামে মসজিদের মুয়াজ্জিন গত সোমবার (৩১ আগস্ট) রাতে মসজিদে ঘুমিয়েছিলেন । রাত ১০টার দিকে তার জামাই আবু সাঈদের নেতৃত্বে কয়েকজন গফ্ফার শাহকে মসজিদ থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে তার ছেলে আলালের কাছে মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা মুক্তপণ দাবি করা হয়। বিষয়টি সদর থানা পুলিশকে জানালে পুলিশের পরামর্শে আলাল অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করেন।
অপহরণকারীরা মুক্তিপণের টাকা নিয়ে বগুড়া সদরের চন্ডিহারা বন্দর এলাকায় যেতে বলেন। গতকাল মঙ্গলবার গভীর রাতে মুক্তিপণের টাকা নিয়ে চন্ডিহারা বন্দরে যায় অপহৃতের ছেলেসহ পুলিশ। আলাল অপহরণকারীদের সঙ্গে টাকা লেনদেনের সময় তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- অপহৃত গফ্ফার শাহের জামাই আবু সাঈদ (৩০), তার সহযোগী জিয়াউর রহমান (৩৮) ও হৃদয় প্রামানিক (২২)। পরে গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী অপহৃত গফ্ফার শাহকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় অপহৃতের ছেলে আলাল বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৩ জনসহ ৪ জনের নামে মামলা করেন।


