আজ (সোমবার) শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসের ৭৩ তম জন্মবার্ষিকী। জন্মদিনের কয়েকদিন আগেই গোটাবাইয়া রাজাপাকসেকে জন্মদিন উপলক্ষে চিঠি পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চিঠিতে শ্রীলঙ্কার প্রতি সমর্থন জানাতে চীন সবসময় প্রস্তুত রয়েছে বলে আশ্বাস দিয়েছেন চীনা প্রেসিডেন্ট।
শ্রীলঙ্কান সংবাদমাধ্যম নিউজফার্স্ট বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেঃ চলতি বছর (২০২২ সাল) চীন ও শ্রীলঙ্কার কূটনৈতিক সম্পর্কের ৬৫ তম বার্ষিকী। শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে পাঠানো চিঠিতে বিষয়টির প্রতি ইঙ্গিত করে প্রেসিডেন্ট শি জিনপিং উল্লেখ করেন, দুই দেশ বিগত ৬৫ বছর ধরে একে অপরকে বোঝাপড়ার মাধ্যমে সমর্থন করে চলেছে। তিনি লিখেছেন, “আমি আমাদের সম্পর্কের উন্নতিকে খুবই গুরুত্ব দিই। এ সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার জন্য কাজ করে যাবো।”
এদিকে, নিজের জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানিয়েছেন
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি লিখেছেনঃ
“জন্মদিনের উষ্ণ শুভেচ্ছার জন্য প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ। বিশেষ করে এই কঠিন সময়ে, সমস্ত শ্রীলঙ্কানের পাশাপাশি আমিও চীনকে অব্যাহত বন্ধুত্বের জন্য ধন্যবাদ জানাই। আমাদের দুই দেশের মধ্যেকার সম্পর্ক শক্তিশালী থেকে আরো শক্তিশালী হয়ে উঠুক।”
