সন্ধান২৪.কম : পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ হতদরিদ্র মানুষের স্বার্থে রাজনীতি করেছেন। দেশে যেন কোন মানুষ দরিদ্র না থাকে সেই লক্ষ্যই ছিলো পল্লীবন্ধুর রাজনীতি। আমরা পল্লীবন্ধুর সেই আদর্শকে সামনে রেখে ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বো। যেখানে সামাজিক ন্যায় বিচার ও সুশাসন নিশ্চিত হবে, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন। এসময় জিএম কাদের আশা ব্যক্ত করে বলেন, আমরা পল্লীবন্ধুর আদর্শে সন্ত্রাস, দলবাজ, চাঁদাবাজ এবং দুর্নীতি মুক্ত দেশ গড়তেই আমরা রাজনীতি করি।
জাতীয় পার্টির চেয়ারম্যান সোমবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে জাকির হোসেন রোড মাঠে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
সভায় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ উন্নয়নের কিংবদন্তী। তিনি উপজেলা পরিষদ সৃষ্টি করে নির্বাচিত প্রতিনিধিদের অধীনে ১৮জন প্রথম শ্রেণীর কর্মকর্তা নিয়োজিত করে উন্নয়নের নতুন ধারা সৃষ্টি করেছিলেন। বলেন, আমরা আবারো দেশের মানুষের মুখে হাসি ফোটাবো। তাই জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।
জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর-এর সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য এস.এম. ফয়সল চিশতী-এর সভাপতিত্বে এবং মহানগর উত্তর-এর সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টুর পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আমানত হোসেন আমানত, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন পাঠান, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহাজাদা, সাংগঠনিক সম্পাদক কাজী আবুল খায়ের প্রমূখ ।
