সন্ধান২৪.কমঃ শুক্রবার (৭ জানুয়ারী) দুপুরে নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র এরিক অ্যাডমস জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি) পরিদর্শনের সময় বলেছেন, ১ জানুয়ারী আমি মেয়র হিসেবে শপথ নেয়ার ছয়দিনের মধ্যেই আপনাদের কাছে এসেছি। আপনাদের কাছে দেয়া ওয়াদা ভুলিনি, আমি আমার প্রতিশ্রুতি রাখতে চাই। নিউইয়র্ক শহরকে আমরা যদি সেরা শহর গড়তে পারি তবেই আমরা যুক্তরা্ষ্ট্রকে সেরা দেশ হিসেবে গড়তে পারবো।

তিনি মুলিম কমিউনিটির কর্মকান্ডের প্রশংসা করে বলেন, ইসলামী ফোবিয়া নয়, বরং মুসলিম কমিউনিটিও গ্রেটেষ্ট হবে। সিটিরও পরিবর্তন আসবে। তিনি বলেন, আমি আপনাদের মেয়র নই, বন্ধু। আমি সবসময় আপনাদের পাশে থাকবো।
জুম্মার নামাজের সময় তিনি মেয়র হিসেবে প্রথমবারের মতো জেএমসি-তে আসেন। এসময় তিনি জেএমসি’র কর্মকর্তাসহ উপস্থিত মুসল্লীদের সাথে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন। মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্যে পর মেয়র এরিক পরে জেএমসি অফিসে যান এবং সেখানে কিছুক্ষণ থেকে কার্যকরী কর্মকর্তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিয় করেন।
মেয়র এরিক অ্যাডমস জেএমসিতে আসার পর জেএসসি পরিচালনা কমিটির প্রেসিডেন্ট ডা. মোহাম্মদ সিদ্দিকুর রহমান ডিডিএস সহ অন্যান্য কর্মকর্তারা তাকে স্বাগত জানান। মেয়র জেএমসিতে আসার পর উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়োত করেন ইমাম শামসী আলী। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় সিটি কাউন্সিলম্যান জি জিনারো, নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলীম্যান ডেভিড ওয়েপ্রীন, জেএমসি প্রেসিডেন্ট ডা. সিদ্দিকুর রহমান।
জেএমসি’র ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর আহদে চৌধুরীর সঞ্চালনায় এসময় নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাফেয়ার্স কমিশনার রবার্ট পেরেজ, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম ছাড়াও অন্যান্য কর্মকর্তাদের মধ্যে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ মোজাফফর, জয়েন্ট সেক্রেটারী ফখরুল ইসলাম দেলোয়ার, কোষাধ্যক্ষ মোহাম্মদ বাবুল মজুমদার, সদস্য মোহাম্মদ সাবুল উদ্দিন এবং শাহরিয়ার রহমান, আমিনুল ইসলাম চুন্নু প্রমুখ উপস্থিত ছিলেন।