বহুল আলোচিত প্রয়াত থ্রিলার লেখক কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের প্রথম বই ‘ধ্বংস পাহাড়’ থেকে নির্মিতব্য সিনেমার দৃশ্যধারণ শুরু হয়েছে। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ১৪ মে থেকে পুরোদমে চলছে এর দৃশ্যধারণ। এরমধ্যেই শুটিংয়ে অংশ নিয়েছেন নাম-ভূমিকার অভিনেতা এবিএম সুমন ও আনিসুর রহমান মিলন।
আগে থেকেই ইঙ্গিত দেওয়া হয়েছিলো যে সিনেমাটিতে হলিউডের বেশ কয়েকজন অভিনয়শিল্পী অভিনয় করবেন। এবার সেই তথ্যই সঠিক হতে যাচ্ছে। সবাইকে চমকে দিয়ে সিনেমাটিতে হলিউড অভিনেতার তালিকায় যুক্ত হয়েছেন ‘ক্যাপ্টেন আমেরিকা’র ফ্র্যাঙ্ক গ্রিলো।
‘এমআর-নাইন’ এই শিরোনামের সিনেমাটিতে ফ্রাঙ্ক খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন বলেও জানিয়েছেন নির্মাতা আসিফ আকবর। তবে গল্পের চরিত্রের বেশি কিছু এখনই জানাতে চাচ্ছেন না কেউ। শুটিং শেষ হলেই এর বিস্তারিত নিয়ে আলাপ করবেন নির্মাতা।
আমেরিকান অভিনেতা ফ্র্যাঙ্ক মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সিনেমা ক্যাপ্টেন ‘আমেরিকা: দ্য উইন্টার সোলজার’, ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’, ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেমে’ অভিনয় করে পরিচিতি পেয়েছেন।
থ্রিলার অ্যাকশন ঘরানার ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে হলিউড থেকে অ্যাভেইল এন্টারটেইনমেন্ট ও বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়া। ‘এম আর নাইন’–এর চিত্রনাট্য লিখেছেন চারজন মিলে। নাজিম উদ দৌলা, আসিফ আকবর, আবদুল আজিজ ও বিউ ক্লার্ক।
বাংলাদেশ থেকে সিনেমাটিতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, সানজু জন, সাজ্জাদ, জেসিয়া, আলিসা এবং হলিউড থেকে মাইকেল জে হোয়াইট, লুইস ট্যান্ট প্রমুখ।
সূত্র : ডেডলাইন


