সন্ধান২৪.কম : মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলছে তারা গরুর প্রজনন নিয়ে বিদেশ ভ্রমণের প্রস্তাব বাতিল করে দেবে বলে সিন্ধান্ত নিয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম জানিয়েছেন, গরুর কৃত্রিম প্রজনন সম্পর্কে জ্ঞান আহরণে বিদেশ সফরের যে প্রস্তাব গেছে সেটি একনেকের বৈঠকের আগেই তারা বাতিল করে দেবেন।
“প্রস্তাবটি আমার দায়িত্ব নেবার আগেই গিয়েছিলো। আমি ইতোমধ্যেই বিষয়টি নিয়ে বৈঠক করেছি সংশ্লিষ্টদের সাথে এবং সিদ্ধান্ত নিয়েছি যে এ ধরণের বিদেশ ভ্রমণের প্রস্তাব আমরাই বাতিল করে দেবো,” বলছিলেন তিনি।
যদিও বাংলাদেশে সরকারি কর্মকর্তাদের এ ধরণের বিদেশ সফরের প্রস্তাবনা বা বিদেশ সফরের ঘটনা প্রায়শই আলোচনায় আসে ও তীব্র সমালোচনার জন্ম দিয়ে থাকে।
কিন্তু কিসের ভিত্তিতে গরুর প্রজনন দেখতে জার্মানি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডা সফরের জন্য এতো কর্মকর্তার নাম প্রস্তাব হলো, বা এ ধরণের প্রস্তাবনা তৈরির ক্ষেত্রে আসলে কোন বিষয়গুলো বিবেচনা করা হয় জানতে চাইলে তিনি বলেন, যারা প্রজেক্ট তৈরি করেন তারা অনেক সময় প্রজেক্টের সাথে জড়িতদের প্রশিক্ষণের জন্য এ ধরণের প্রস্তাব করেন।
“যদিও অনেক সময়ই তা অনুমোদন পায় না। আর করোনার এই সময়ে এগুলোকে কোনো ভাবেই আমরা অনুমোদন দিতে পারি না,” বলছিলেন মি. করিম।
