সন্ধান২৪.কম : গত কাল থেকে শুরু হওয়া ডেমোক্র্যাটদের জাতীয় সম্মেলনের অলনাইন মঞ্চ থেকে ট্রাম্পকে আক্রমন করতে ছাড়েননি ডেমোক্র্যাট নেতা বার্নি স্যান্ডার্সও। দেশের অর্থনীতির বেহাল পরিস্থিতি থেকে শুরু করে অতিমারির জেরে বেহাল জনজীবন। এসবের জন্য ট্রাম্পকেই দায়ী করে তাঁর কটাক্ষ, ‘‘রোম যখন পুড়ছিল, সম্রাট নিরো বাঁশী বাজাচ্ছিলেন। আর উনি গল্ফ খেলে চলেছেন।’’
ক্রমে ভোটের হাওয়া গরম হচ্ছে আমেরিকায়। ভোটের আর মাসতিনেক বাকি থাকতে এ বার আসরে নেমে পড়লেন প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামাও। আর নেমেই দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের হয়ে ব্যাট ধরার পাশাপাশি একহাত নিলেন ডোনাল্ড ট্রাম্পকেও। সাফ বললেন, ‘‘উনি আমাদের দেশের জন্য খুব খারাপ প্রেসিডেন্ট।’’ ট্রাম্পকে ‘গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক’ বলে মন্তব্য করে বাইডেনকে প্রেসিডেন্ট এবং কমলা হ্যারিসকে দেশের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে বেছে নেওয়ার ডাক দিলেন বার্নিও।


ট্রাম্প শিবির কিন্তু এখনও ভারত-তাস খেলেই ভোট-বৈতরণী পেরোতে চাইছে। তিনি ক্ষমতায় এলে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে আগেই মুখ খুলেছিলেন বাইডেন। যার পাল্টা রিপালিকানরা প্রচার করতে শুরু করেছিলেন, ট্রাম্পই ভারতের সবচেয়ে বড় বন্ধু। কাল এমনকি হোয়াইট হাউসও সেই সুরে সুর মিলিয়ে দাবি করল, ট্রাম্প জমানায় (গত সাড়ে তিন বছরে) ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের যা উন্নতি হয়েছে, আর কোনও প্রেসিডেন্টের আমলে তা হয়নি।


