সন্ধান২৪.কম : সরকারের মন্ত্রীসভায় আরেকজন প্রতিমন্ত্রী যোগ দিচ্ছেন জামালপুর-২ আসনের (ইসলামপুর) সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। তাকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে।
২৪ নভেম্বর সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন তিনি। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রিসভার সদস্য হিসেবে একজনের শপথ গ্রহণের প্রস্তুতি চলছে।
জামালপুরের স্থানীয় সূত্রে জানা গেছে, সংসদ সদস্য ফরিদুল হক খান স্যার মঙ্গলবার সন্ধ্যায় শপথ নিচ্ছেন। বিকাল ৫টা নাগাদ এই সুসংবাদ জামালপুরের জানাজানি হয়েছে বলে স্থানীয় সাংবাদিকরা জানান। গত ১৩ জুন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুর পর থেকে ধর্ম মন্ত্রণালয় মন্ত্রিশূন্য রয়েছে।
ফরিদুল হক খান দুলাল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-২ আসন (ইসলামপুর) থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্য। তিনি ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
ফরিদুল হক খান ১৯৫৬ সালের ২ জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার উত্তর সিরাজাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো. হবিবর রহমান খান ও মাতার নাম মোসাম্মৎ ফাতেমা খানম। তিনি দশম জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।


