সন্ধান২৪.কমঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির(সিপিবি) প্রেডিয়াম সদস্য ও জেলা সভাপতি মিহির ঘোষ,জেলা নেতা ছাদেকুল মাস্টারসহ আটককৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি চেয়ে নিউইয়র্কে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (২৫ জানুয়ারি) প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে নিউইয়র্ক শহরের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় প্রোগ্রেসিভ ফোরাম আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলাকে ‘হয়রানি’ ও ‘ষড়যন্ত্র’ উল্লেখ করে অবিলম্বে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানানো হয়।

বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বিপ্লব চাকী সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন প্রোগ্রেসিভ ফোরামের সভাপতি খোরশেদুল ইসলাম, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা লিয়াকত আলী, মহিলা পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক সুলেখা পাল, উদীচী যুক্তরাষ্ট্র শাখার সদস্য হিরো চৌধুরী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও বিশিষ্ট রাজনীতিক জাকির হোসেন বাচ্চু।
সমাবেশে বক্তারা বলেন, দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গাইবান্ধা সদরের গিদারীতে আওয়ামী লীগের প্রার্থী ভোট ডাকাতির মাধ্যমে নির্বাচিত হয়েছেন। এই জুলুম ও অন্যায়ের প্রতিবাদ করলে সিপিবি নেতাকর্মীর নামে হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে জুলুম-নির্যাতন চালানো হচ্ছে। এর এক পর্যায়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিও (সিপিবি) প্রেডিয়াম সদস্য ও জেলা সভাপতি মিহির ঘোষ,জেলা নেতা ছাদেকুল মাস্টারসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে।
বক্তরা বলেন, দল-মত নির্বিশেষে জননেতা মিহির ঘোষ একজন দেশপ্রেমিক মানুষ। যিনি সবসময় সাধারণ মানুষের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন। এই মানুষটিকে আজ ডিজিটাল নিরাপত্তা আইন ও রাষ্ট্রদ্রোহ এর মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
বক্তরা আরও বলেন, তিনি সবসময় মুক্তিযুদ্ধের স্বপক্ষে ও মৌলবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন। একজন প্রগতিশীল চিন্তা- চেতনার মানুষকে এভাবে হয়রানি মূলক মিথ্যা মামলায় গ্রেফতার রাষ্ট্রের জন্য খুবই লজ্জাজনক।
বক্তরা সমাবেশ থেকে সকল মিথ্যা মামলা প্রত্যাহার সহ অবিলম্বে মিহির ঘোষসহ সব নেতার নিঃশর্ত মুক্তি চেয়েছেন।
প্রতিবাদ সমাবেমে গ্রেপ্তারকরা নেতাদের মুক্তির দাবি-দাওয়া সংবলিত ব্যানার-ফেস্টুন ও পোষ্টার ধারণ করে স্লোগান দিতে থাকেন।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের কাউন্সিল বাজারে দক্ষিণ গিদারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনাকালে সহিংসতার ঘটনায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয় । পরে ওই মামলায় আসামিরা রংপুর সাইবার ট্রাইব্যুনালে হাজিরা দিতে গেলে বিচারক তাদের গ্রেপ্তার করে সিপিবি নেতা মিহির ঘোষসহ ছয়জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


