সন্ধান২৪.কম : একটি ভিডিও কনফারেন্সে সিরিয়ার শরণর্থীদের এবার দেশে ফেরার আহ্বান জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । কথা বলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সাথে । গতকাল রাশিয়ার প্রেসিডেন্টর সঙ্গে দুই নেতা এ আহ্বান জানান। তাদের ভাষ্য, সিরিয়ায় এখন মোটামুটি শান্তি বিরাজ করছে।

কনফারেন্সে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, এখন সিরিয়ার লাখ লাখ শরণার্থীদের দেশে ফিরে আসা উচিত। দেশে ফিরে এসে দেশকে নতুন করে গড়ে তোলা উচিত বলে মনে করেন তিনি।
রাশিয়ার তত্ত্বাবধানে সিরিয়ার শরণার্থী সংকট নিয়ে আগামী বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কে একটি সম্মেলন আয়োজনের প্রস্তুতি চলছে। এ আয়োজনের প্রস্তুতি পর্বের অংশ হিসেবে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হল বলে মনে করা হচ্ছে। ভিডিও আলোচনায় উভয় নেতা সিরিয়ায় ক্রিয়াশীল সকল বিদ্রোহীদের ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করেন।
তুরস্ক দেশটির একটি অঞ্চলে সেনা মোতায়েন করে বিদ্রোহীদের একটি অংশকে মদদ দিচ্ছে বলে আসাদ কর্তৃপক্ষের অভিযোগ। এ কারণে তুরস্কের প্রতি আসাদ কর্তৃপক্ষের বৈরিতাও স্পষ্ট। কাজেই এ সম্মেলনে তুরস্কের অংশগ্রহণও সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে। আসাদ কর্তৃপক্ষ ও রাশিয়ার এমন আয়োজনকে কেন্দ্র করে আরেক ধাপ বিতর্ক তৈরি হয়েছে। শরণার্থী বিষয়ক এ কর্মসূচিকে কোনো ধরনের স্বীকৃতি দেয়া হয়নি জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাম্বাসেডর এ আয়োজনকে বর্জন করার আহ্বান জানিয়েছেন। তবে সিরিয় শরণার্থীদের আরেক অংশীদার লেবাননের একজন প্রতিনিধি এতে উপস্থিত থাকার কথা জানা গেছে।
ইতিমধ্যে সিরিয়ার গৃহযুদ্ধে ৫ লাখের ওপর মানুষের প্রাণহানি ঘটেছে। এর পাশাপাশি ১০ লাখেরও বেশি মানুষ আহত হয়েছে এবং ৫৬ লাখ সিরিয় জনগোষ্ঠী শরণার্থী হয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে আশ্রয় গ্রহণ করেছে। আরও ৬০ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে প্রায় দশকব্যাপী এ সংঘাতে।