সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ: ছাত্রলীগ সভাপতিসহ আটক ৪৮

সন্ধান২৪.কম : ঢাকা মহানগর উত্তরের ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম হোসেনসহ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের ৪৮ জনকে আটক করেছে সুন্দরবন বন বিভাগ। অনুমতি ছাড়া প্রবেশ করার জন্য লিখিতভাবে ভুল স্বীকার করে বন পরিদর্শনের ফি ও জরিমানা পরিশোধ করে সন্ধ্যায় সুন্দরবনের সুপতি থেকে ছাড়া পেয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জে বিশ্ব ঐতিহ্য এলাকায় সোমবার সকালে লঞ্চ নিয়ে অবৈধ অনুপ্রবেশ করার অভিযোগে তাদের আটক করা হয়।  লিখিতভাবে ভুল স্বীকার করে জরিমানা পরিশোধ করায় সন্ধ্যায় সুন্দরবনের সুপতি থেকে ছাড়া পান আটক এসব নেতাকর্মীরা। সুন্দরবন বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জানান, করোনাকালে সুন্দরবনে সব ধরনের পর্যটনসহ সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার। এমনিতেই সুন্দরবনে বাদ্যযন্ত্র ব্যবহার নিষিদ্ধ। এ অবস্থায় সোমবার সকালে আটকরা এমভি মায়ের দোয়া নামের একটি লঞ্চে করে উচ্চস্বরে বাদ্যযন্ত্র বাজিয়ে শরণখোলা রেঞ্জের সুপতি ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইটে আসেন।

সাধারণের ভ্রমণ নিষিদ্ধ এলাকায়  তাদের ওই লঞ্চ থেকে সুন্দরবনে নামতে নিষেধ করা হলে ছাত্রলীগের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে জেটিতে বন কর্মকর্তা ও বনরক্ষীদের সঙ্গে অশোভন আচরণ করেন। পরে লঞ্চের ৫ জন স্টাফসহ তাদের সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয়। লিখিতভাবে ভুল স্বীকার করে ছাত্রলীগের ৪৩ নেতাকর্মী ২২ হাজার ২৩১ টাকা জরিমানা পরিশোধ করায় তাদের ছেড়ে দেওয়া হয়।

একই সাথে সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ করায় এমভি মায়ের দোয়া লঞ্চের মালিক পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় মাসুয়া এলাকার ফারুক তালুকদারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ইত্তেফাক

Exit mobile version