সন্ধান২৪.কমঃ দক্ষিণ আফ্রিকা, সেঞ্চুরিয়ন টেস্টে শ্রীলংকাকে ইনিংস ব্যবধানে হারিয়েছে । তাও মাত্র চারদিনেই জয় তুলে নেয় কুইন্টন ডি ককের দল। প্রোটিয়াদের জয় ইনিংস ও ৪৫ রানের ব্যবধানে।

প্রথম ইনিংসে শ্রীলংকার করা ৩৯৬ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা ৬২১ রানের সৌধ গড়ে সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি ক্যারিয়ারসেরা ১৯৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে সংগ্রহটা লংকানদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান। ২৭৬ বলের ইনিংসটি তিনি সাজান ২৪টি বাউন্ডারিতে। রান উত্সবের ইনিংসে ডিন এলগার ৯৫, কেশব মহারাজ ৭৩, তেম্বা বাভুমা ৭১ ও এইডেন মার্করাম ৬৮ রান করেন। উল্লেখ্য, টেস্টের ইতিহাসে মাত্র ১১তম ব্যাটসম্যান হিসেবে ১৯৯ রানে আউট হন ডু প্লেসি। এটা তার দশম টেস্ট সেঞ্চুরি।
প্রথম ইনিংসে ২২৫ রানে পিছিয়ে পড়া লংকানরা দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৬৫ রান নিয়ে মঙ্গলবার তৃতীয় দিন মাঠ ছাড়ে। আজ চতুর্থ দিন চা বিরতির আগেই বাকি ৮ উইকেট হারিয়ে তারা গুটিয়ে যায় মাত্র ১৮০ রানে। লুঙ্গি এনগিডি, এনরিখ নর্তজে, উইয়ান মুলডার ও লুথো সিমপালা প্রত্যেকেই দুটি করে উইকেট নেন। কুশল পেরেরা ৬৪ ও ওয়ানিদু হাসারঙ্গা ৫৯ রান করেন।


