সন্ধান২৪.কম ডেস্ক : মক্কা মসজিদুল হারাম সহ এই অঞ্চলের দেড় হাজারের বেশি মসজিদ খুলবে ফজরের সময় থেকে। এ ছাড়া করোনাভাইরাসের কারণে সৌদি সরকারের দেয়া বিভিন্ন বিধি-নিষেধ শিথিল হচ্ছে। ভাইরাসের সংক্রমণ কমতে থাকায় এবং নাগরিকদের জীবন স্বাভাবিক করার অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে সৌদি কতৃপক্ষ ।
গত ২১ জুন রবিবার দেশটিতে সকাল ছয়টা থেকে কারফিউ প্রত্যাহার করা হয়েছে। ২০ জুন শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রনালয় এই তথ্য জানিয়েছে। ফলে সৌদিতে সমস্ত অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম আগের মতো স্বাভাবিক ভাবেই পরিচালিত হবে। তবে এসব ক্ষেত্রে সামাজিক দূরত্ব কঠোরভাবে মেনে চলতে হবে। না হয় গুনতে হবে জরিমানা। ঘর থেকে বের হলেই যথাযথ নিয়মে মাস্ক পরা, জনদূরত্ব ও সামাজিক দূরত্ব বজায় রাখা, শারীরিক তাপমাত্রা পরীক্ষায় বাধ্য থাকা। এবং জনসমাগম থেকে বিরত থাকা। এক স্থানে সর্বোচ্চ ৫ জনের বেশি জড়ো হতে পারবে না।
পৌর, সামাজিক ও পল্লী বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে আগামীকাল থেকে সেলুন ও বিউটি পার্লারগুলো কাজ করতে পারবে। তবে মুখে মাস্ক ও হেন্ড গ্লাভস পরিধান করতে হবে এবং শুধুমাত্র চুল কাটা এবং সেভ করা যাবে একবার ব্যবহার যোগ্য উপকরণ দিয়ে। অন্যান্য কর্মক্ষেত্রে ৭০% ভাগের বেশি উপস্থিতি না রাখা। এছাড়াও পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ওমরা ও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে। কিন্তু অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা চালু থাকবে। এক প্রদেশ থেকে অন্য প্রদেশে আসা যাওয়ায় বাধা নেই।


