সন্ধান২৪.কম ডেস্ক : শুক্রবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন—খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার তবলছড়ি এলাকার আশরাফ উদ্দিন রনি এবং ফ্রিজার ভ্যানের চালক নোয়াখালী জেলার কামরুল হাসান। দেশটির আবহা প্রদেশে একটি পাহাড়ি সড়কে নামার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফের চাচা মীর হোসাইন জানান, মাছ পরিবহনের কাজে ফ্রিজার ভ্যানটি আবহা শহর থেকে জিজান শহরের দিকে যাচ্ছিল। পথে পাহাড়ি সড়ক দিয়ে নামার সময় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে চালক কামরুল হাসান এবং গাড়িতে পাশে থাকা আশরাফ উদ্দিন রনি প্রাণ হারান।
মীর হোসাইন আরো জানান, প্রায় দুই মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন আশরাফ। ছুটি শেষে তিনি সৌদি আরবে কর্মস্থলে ফিরে যান। বর্তমানে দুজনের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
