সন্ধান২৪.কম : সৌরভ গাঙ্গুলির বিজেপিতে যোগ দেওয়ার গুঞ্জন পুরো ভারতসহ হঠাৎ করেই পশ্চিমবঙ্গের আকাশে ডানা মেলেছে । শোনা যাচ্ছে, নির্বাচনে জিতলে গেরুয়া শিবির তাকে মুখ্যমন্ত্রীও করতে পারে। গত সপ্তাহে বিজেপির দুই শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাতের পরেই এ নিয়ে জল্পনা আরো বেগবান হয়েছে।
এদিকে সৌরভের বিজেপিতে যোগদানের সুর উঠতেই গোটা ভারত থেকে ছিঃ ছিঃ রব উঠেছে। অধিকাংশ মানুষ মনে করছে, বিজেপিতে সৌরভ যোগ দিলে ‘দাদা’অসাম্প্রদায়িক চেতনা হারাবে এবং তার অনেক ক্রিকেট ভক্তও তার প্রতি বিমূখ হবে।
তবে এসব খবরে মোটেও খুশি নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাদের নির্দেশেই কলকাতার নিউ টাউনে সৌরভের জন্য বরাদ্দ জমি ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মূলত গত রোববার পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সৌরভের সাক্ষাতের পর সৌরভের বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনার বিষয়টি প্রচারের আলোতে আসে। সোমবার আবার সৌরভ দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানেও উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ।
এই জল্পনা–কল্পনার মধ্যেই পশ্চিমবঙ্গের আলীপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা বলেছেন, একুশের নির্বাচনে সৌরভের নেতৃত্বে লড়বে বিজেপি। যদিও সিপিএম নেতা, তথা শিলিগুড়ি পৌর করপোরেশনের সাবেক মেয়র ও সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্য সৌরভকে রাজনীতিতে না আসার পরামর্শ দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সৌরভ গাঙ্গুলির স্কুলের জন্য বরাদ্দ জমিটি ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ আবাসন পরিকাঠামো উন্নয়ন সংস্থা বা হিডকোকে। মন্ত্রীসভায় সিদ্ধান্তের ভিত্তিতেই সংস্থাটিকে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন বলেছেন, সৌরভ গাঙ্গুলির প্রাপ্য মিটিয়েই ঐ জমির দখল নেওয়া হবে।
২০১৩ সালে স্কুল তৈরির জন্য নিউ টাউনের জনবহুল অ্যাকশন এরিয়া ১-এ দুই একর জমি বরাদ্দ হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়কের নামে। দরিদ্র শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার প্রতিশ্রুতিতে বেশ কম দামেই জমি পেয়েছিলেন তিনি। কিন্তু গত আগস্টে সেই জমি ফেরত দিতে চেয়ে সরকারের কাছে আবেদন করেন ‘দাদা’। স্কুল তৈরির পরিকল্পনা বাতিল করেছেন জানিয়ে জমি ফিরিয়ে দিতে চান তিনি। তবে পরের চারমাসেও এবিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি রাজ্য সরকার। কিন্তু চলতি সপ্তাহে পর পর দুই দিন রাজ্যপাল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সৌরভের সাক্ষাতের পরেই জমির দখল ফিরিয়ে নেওয়ার ঘোষণা এলো।


